জেল ছেড়ে বেরিয়েই শীতকালীন অধিবেশনে বক্তব্য রাখার ইচ্ছে প্রকাশ করেছিলেন পার্থ। বেহালা পশ্চিমের মানুষের উদ্দেশে প্রকাশ করেছিলেন খোলা চিঠিও।
.jpeg.webp)
পার্থ চট্টোপাধ্যায়।
শেষ আপডেট: 8 December 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ মামলায় গত নভেম্বরে জামিন পেয়ে বাড়ি ফিরেছিলেন ঠিকই, কিন্তু স্বস্তি মিলল না পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। শেষ আট মাস ইএম বাইপাসের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ফের হাসপাতালের বিশেষ কেবিনে ঠাঁই হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার স্নানঘরে পড়ে গিয়ে বাঁ হাতে জোর ধাক্কা লেগে যন্ত্রণায় কাতর হয়ে পড়েন পার্থ। ব্যথা বাড়তেই শুক্রবার তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় ইএম বাইপাসের একই বেসরকারি হাসপাতালে। এক্স-রে করে চিকিৎসকেরা জানিয়েছেন—গুরুতর আঘাত থাকলেও হাড় ভাঙেনি। তবু বয়স, শারীরিক অবস্থা এবং একাধিক ক্রনিক সমস্যার কথা মাথায় রেখে তাঁকে আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে রাখতেই চান চিকিৎসকেরা।
জেল ছেড়ে বেরিয়েই শীতকালীন অধিবেশনে বক্তব্য রাখার ইচ্ছে প্রকাশ করেছিলেন পার্থ। বেহালা পশ্চিমের মানুষের উদ্দেশে প্রকাশ করেছিলেন খোলা চিঠিও। নিজের সাসপেনশন নিয়ে সরাসরি প্রশ্ন পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীর কাছে।
কিন্তু জামিনের পরে মামলার শুনানিতে তাঁর অনুপস্থিতি নজর এড়ায়নি আদালতের। কড়া ভাষায় আদালত জানিয়ে দেয়—জামিনে থাকা অভিযুক্ত শুনানির দিনে অনুপস্থিত থাকলে তা মারাত্মক গাফিলতি। ভবিষ্যতে এমন হলে বাতিলও হতে পারে তাঁর জামিন।
এই অবস্থাতেই স্নানঘরের দুর্ঘটনা নতুন উদ্বেগ বাড়িয়েছে পরিবারের। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও কয়েক দিন বিশেষ কেবিনেই থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।