সূত্রের খবর, ডিইও-দের আগেই জানানো হয়েছিল, কতগুলি নথি ‘নোটিফায়েড ডকুমেন্ট’ তার পৃথক হিসেব দিতে হবে। হাওড়া সেই নোটিফায়েড নথি জমা দিয়েছে, কিন্তু দক্ষিণ ২৪ পরগনা থেকে এমন কোনও নথি জমা পড়েনি।

ফাইল ছবি
শেষ আপডেট: 17 February 2026 19:42
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের (West Bengal Elections 2026) আগে রাজ্যের এসআইআর (West Bengal SIR) প্রক্রিয়ার শুনানি পর্ব শেষ হতেই নতুন করে জটিলতা সামনে এসেছে। বিপুল সংখ্যক ভোটারের নথি এখনও অনলাইনে তোলা হয়নি (SIR Documents Upload) - এমনই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকালেই যে তথ্য দিয়েছিল দ্য ওয়াল (The Wall News)। এ নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই সামনে এসেছে জেলাভিত্তিক পরিসংখ্যান।
কোন জেলায় কত আপলোড বাকি
হিসেব অনুযায়ী, এখনও মোট ১ লক্ষ ১৪ হাজার ৭৭২টি নথি আপলোড (SIR Documents Upload) বাকি। কয়েকটি জেলায় সংখ্যাটা উদ্বেগজনকভাবে বেশি। কোচবিহারে ১০,৪৭৯, দক্ষিণ দিনাজপুরে ১০,২৮৫, উত্তর কলকাতায় ১৫,০৩১ এবং উত্তর ২৪ পরগনায় ২০,৭০৭টি নথি এখনও সিস্টেমে তোলা হয়নি। হাওড়াতেও বাকি ১০,৪৯৯। দার্জিলিং, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় পাঁচ হাজারের বেশি নথি আপলোডের অপেক্ষায়। অন্যদিকে, মালদহ, ঝাড়গ্রাম ও কালিম্পংয়ে আপলোড সংক্রান্ত কোনও অভিযোগ নেই বলেই জানা যাচ্ছে।

সূত্রের খবর, ডিইও-দের আগেই জানানো হয়েছিল, কতগুলি নথি ‘নোটিফায়েড ডকুমেন্ট’ তার পৃথক হিসেব দিতে হবে। হাওড়া সেই নোটিফায়েড নথি জমা দিয়েছে, কিন্তু দক্ষিণ ২৪ পরগনা থেকে এমন কোনও নথি জমা পড়েনি। কয়েকদিন আগে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar) ভার্চুয়াল বৈঠকে সময়সীমার মধ্যে আপলোড প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন। তবু নির্ধারিত সময়ে কাজ সম্পূর্ণ হয়নি।
নির্বাচন কমিশনের তরফে ইআরও ও এইআরও-দের স্পষ্ট নির্দেশ ছিল - কোনও আবেদন বাতিল করলে তার নির্দিষ্ট কারণ জানাতে হবে। অভিযোগ উঠেছে, অনেকক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। পাশাপাশি ‘ডিসপোজাল’ প্রক্রিয়াও মন্থর গতিতে চলছে। কিছু জায়গায় হঠাৎ করে সিস্টেম অচল হয়ে যাওয়ার সমস্যার কথাও সামনে এসেছে।
মুখ্যমন্ত্রীর দাবি, শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশ অনুযায়ী ১৪ তারিখ পর্যন্ত শুনানি চলার কথা থাকলেও, ওই দিন বিকেল ৩টেয় লগ-ইন বন্ধ করে দেওয়া হয়। তাঁর অভিযোগ, লক্ষাধিক আবেদন ইতিমধ্যেই প্রক্রিয়াকরণ হয়ে গিয়েছিল, অথচ সংশ্লিষ্ট আধিকারিকদের আর লগ-ইন করতে দেওয়া হয়নি। ফলে চূড়ান্ত নিষ্পত্তির কাজ আটকে যায়।
এদিকে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal)-এর দফতরের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। ঠিক কতজনের নথি আপলোড হয়নি, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান চাওয়া হয়েছে। পাশাপাশি, সময়ের ঘাটতি না প্রশাসনিক ত্রুটি - কোন কারণে এই পরিস্থিতি তৈরি হল, তার ব্যাখ্যাও তলব করা হয়েছে।