মমতার বক্তব্য যেখানে প্রতিবেশী দেশে নির্বাচন ‘শান্তিপূর্ণ’ হতে পারে, সেখানে ভারতে, বিশেষত বাংলায়, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে কেন?
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 17 February 2026 18:10
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh Election) সাম্প্রতিক নির্বাচনকে উদাহরণ হিসেবে তুলে ধরে ভারতের জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বক্তব্য, যেখানে প্রতিবেশী দেশে নির্বাচন ‘শান্তিপূর্ণ’ হতে পারে, সেখানে ভারতে, বিশেষত বাংলায়, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে কেন? ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে তিনি কমিশনের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, বাংলাদেশে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, অথচ ভারতে, বিশেষ করে বাংলায়, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। নাম না করে কমিশনের এক কর্তার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, “কে কোথায় বসে কী পরিকল্পনা করছেন, সব খবর আমাদের কাছে আছে।” তাঁর ইঙ্গিত, প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে।
মুখ্যমন্ত্রীর কথায়, “জেনুইন ভোটারদের নাম তালিকায় তুলুন। স্বচ্ছ নির্বাচন করুন। সব রকম সহযোগিতা করব।” একই সঙ্গে হুঁশিয়ারিও দেন, কোনও পদ চিরস্থায়ী নয়। অতীতে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে তাঁর সংঘাতের প্রসঙ্গ টেনে বলেন, “তারপর কী হয়েছে, সবাই জানেন।”
এনআইএ-র (NIA) ভূমিকাও তাঁর সমালোচনার নিশানায়। রাজ্যে কোনও বিস্ফোরণ বা অশান্তি ঘটলেই কেন্দ্রীয় সংস্থা সক্রিয় হয়, অথচ অন্য রাজ্যের ঘটনায় নীরবতা। এমন অভিযোগও শোনা যায় তাঁর বক্তব্যে। পাশাপাশি ভোটের আগে বিভিন্ন রাজ্য থেকে আর্থিক অনুদান বা প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি কটাক্ষ করেন কেন্দ্রের রাজনৈতিক অবস্থানকেও।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, সাধারণ মানুষের জীবন নিয়ে “কাটাকুটি খেলা” চলছে। হাসপাতালে আহত বা পঙ্গু হয়ে পড়া মানুষের দায়িত্ব কে নেবে, সেই প্রশ্নও তোলেন তিনি। ভোটের সময় প্রশাসনিক তৎপরতা বাড়ে, পরে তা শিথিল হয়ে যায়, এই পুরনো অভিযোগও ফের সামনে আনেন।
সব মিলিয়ে, বাংলাদেশ নির্বাচন কমিশনের উদাহরণ টেনে জাতীয় নির্বাচন কমিশনকে তুলোধনা করেন মমতা। সঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দেন বাংলায় ভোটার তালিকা নিয়ে কোনও ‘কারচুপি’ বরদাস্ত করা হবে না।