উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই হাতির পিঠে চেপে বনভ্রমণের টিকিট নিশ্চিত করার সুযোগ মিলবে ঘরে বসেই।

ফাইল ছবি।
শেষ আপডেট: 13 September 2025 12:45
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের (North Bengal) পর্যটন মহলে ফের খুশির হাওয়া। দীর্ঘ প্রতীক্ষার পর গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যানে (Garumara-Jaldapara) হাতি সাফারির (Elephant Safari) অনলাইন বুকিং (Online booking) ফের চালু করছে বন দফতর।
ফলে উৎসবের মরশুম (Durga Puja) শুরু হওয়ার আগেই হাতির পিঠে চেপে বনভ্রমণের টিকিট নিশ্চিত করার সুযোগ মিলবে ঘরে বসেই।
গত কয়েক মরশুম ধরে অনলাইন বুকিং বন্ধ থাকায় সমস্যায় পড়ছিলেন পর্যটকরা। কলকাতা-সহ দেশের নানা প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা এতদিন গন্তব্যে পৌঁছে বুকিং করার চেষ্টা করতেন। তাতে অনেক সময়ই টিকিট মেলেনি, আবার টিকিট পেতে ভোরবেলায় লাইনে দাঁড়াতেও হয়েছে।
ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি পার্থসারথি রায় বলেন, ‘‘অনলাইন বুকিং ফের চালু হওয়ায় পর্যটকদের ভিড় আরও বাড়বে। আগে থেকে সাফারির টিকিট হাতে থাকলে অনেকেই নিশ্চিন্তে ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন।’’
বন দফতর জানিয়েছে, জলদাপাড়ায় সাতটি এবং গরুমারায় চারটি হাতি সাফারির জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক পর্যটককে বনভ্রমণের সুযোগ দেওয়া হবে। তবে আপাতত কেবল হাতি সাফারির ক্ষেত্রেই অনলাইন বুকিংয়ের ব্যবস্থা থাকছে। জনপ্রিয় কার সাফারি এখনও অফলাইন বুকিংয়ের মাধ্যমেই পাওয়া যাবে।
মুখ্য বনপাল ভাস্কর জেভি বলেন, ‘‘পুজোর আগে হাতি সাফারির অনলাইন বুকিং ফের চালু হচ্ছে। কার সাফারি আগের মতোই অফলাইনেই বুক করতে হবে।’’
স্থানীয় হোটেল মালিক ও ট্রাভেল এজেন্টরাও মনে করছেন, এই পদক্ষেপে ডুয়ার্স পর্যটন নতুন গতি পাবে। শারদোৎসবের ছুটিতে প্রতিবছরই হাজার হাজার পর্যটক ভিড় জমান উত্তরবঙ্গের বনাঞ্চলে। অনলাইন বুকিং চালু হওয়ায় আগাম পরিকল্পনা করা সহজ হবে। একাধিক হোটেল মালিক জানিয়েছেন, অনেক পর্যটকই ফোনে বা ইমেলে আগে থেকে সাফারি বুক করার ব্যাপারে জানতে চান। এতদিন সেই সুযোগ না থাকায় বুকিং নিয়ে হতাশ হতে হয়েছে। এ বার সেই সমস্যার স্থায়ী সমাধান মিলবে বলেই আশা।
ডুয়ার্সের স্থানীয় বাসিন্দারাও মনে করছেন, পর্যটকের সংখ্যা বাড়লে এলাকায় কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে। বনাঞ্চল ঘিরে থাকা হোমস্টে, রিসর্ট ও ট্র্যাভেল ব্যবসারও সরাসরি লাভ হবে।
সব মিলিয়ে, দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গের গরুমারা ও জলদাপাড়ায় হাতি সাফারির অনলাইন বুকিং চালু হওয়ার খবরে উত্তেজনা ছড়িয়েছে ভ্রমণ মহলে। কার সাফারির জন্য যদিও এখনও অফলাইনের পথেই ভরসা রাখতে হবে, তবু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাতি সাফারিতে অনলাইনে টিকিট কাটার সুযোগকে পর্যটন মহল স্বাগত জানিয়েছে।