পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত পুরনো বিবাদেই এই হামলা।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 1 July 2025 13:28
দ্য ওয়াল ব্যুরো: ফের মুর্শিদাবাদে জমি বিবাদ ঘিরে রক্তাক্ত ঘটনা। নওদা থানার আলিনগর গ্রামে বোমার আঘাতে মৃত্যু হল রফিকুল শেখ নামে এক ব্যক্তির।
স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে গ্রামে জমি নিয়ে বিবাদের জেরেই রফিকুলকে লক্ষ্য করে একাধিক বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত পুরনো বিবাদেই এই হামলা। মৃত রফিকুলের পরিবার ইতিমধ্যেই দুষ্কৃতীদের নাম জানিয়েছে। এলাকার পরিস্থিতি আপাতত থমথমে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। তা থেকে ক্রমশই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার সকালে গ্রামে হঠাৎই বোমাবাজি শুরু হয়। রফিকুল তখন নিজের বাড়ির কাছেই ছিলেন। বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে।