অভিযোগের আঙুল পাশের পাড়ার বাসিন্দা বিপ্লব সরকারের দিকে। পুলিশ সূত্রে খবর, তিনি শ্যামনগরেই থাকেন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 June 2025 18:29
দ্য ওয়াল ব্যুরো: শ্যামনগর (Shyamnagar) সকাল থেকে উত্তেজনা তুঙ্গে। অভিযোগ, পীরতলা এলাকায় একা বাড়িতে পেয়ে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধাকে (Old Woman) গলা টিপে খুন করেছে পাড়ারই এক ব্যক্তি। নিহতের নাম প্রতিমা বেরা। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের অন্তর্গত জগদ্দল বিধানসভার ২৩ নম্বর ওয়ার্ডে।
অভিযোগের আঙুল পাশের পাড়ার বাসিন্দা বিপ্লব সরকারের দিকে। পুলিশ সূত্রে খবর, তিনি শ্যামনগরেই থাকেন। দীর্ঘদিন ধরেই প্রতিমা দেবী একা থাকতেন নিজের বাড়িতে। সেই সুযোগই কাজে লাগায় বিপ্লব।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শুক্রবার সকালে কোনও এক সময়ে প্রতিমা দেবীর বাড়িতে ঢুকে পড়ে বিপ্লব। একা বাড়িতে তাঁকে পেয়ে তাঁকে গলা টিপে খুন করে। লুটপাটের উদ্দেশেই এই কাজ করেছেন তিনি, মনে করছে পুলিশ।
বহুক্ষণ পর বৃদ্ধার নিথর দেহ বাড়ি থেকে উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারাই খবর দেন জগদ্দল থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর। বৃদ্ধার দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। এদিকে, ঘটনার মূল অভিযুক্ত বর্তমানে পলাতক।
পুলিশ ইতিমধ্যেই খুনের মামলা দায়ের করেছে এবং বিপ্লব সরকারের খোঁজে তল্লাশি শুরু করেছে। খুনের পেছনে আর কেউ জড়িত কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিপ্লব সরকারের দ্রুত গ্রেফতারি এবং কড়া শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।