দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, কলকাতা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা এবং স্থায়িত্ব বাড়বে। কারণ হাওয়া অফিসের পূর্বাভাস বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে মঙ্গলবার থেকে হাওড়া, হুগলি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হবে। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা এবং স্থায়িত্ব বাড়বে। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় নিম্নচাপের প্রভাব বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ থেকে ৯৫ শতাংশ। গত সপ্তাহে শুক্রবার ও শনিবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছিল। তবে রবিবার কমেছিল বৃষ্টি। যদিও গত কয়েকদিন বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় সাময়িক ভাবে হেরফের হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে।
রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে সে কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। কারণ আগের সপ্তাহে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল আপাতত সেটি ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার উপর অবস্থান করছে। ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরে শক্তি হারিয়ে এই নিম্নচাপ আরও দুর্বল হয়ে যাবে। তবে এই সপ্তাহে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অন্যদিকে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।