
শেষ আপডেট: 12 June 2019 18:40
স্বাস্থ্য মন্ত্রকের এই মন্তব্যের পাল্টা হিসেবে বিক্ষোভকারীরা প্রেস বিবৃতিতে বলেন, "কর্তৃপক্ষ এবং প্রশাসন তাঁদের ধর্নায় এবং তাঁদের দাবিতে গুরুত্ব দিচ্ছেন না বলেই এমনটা হচ্ছে।" পাশাপাশি বেশ কিছু বিশেষণ ব্যবহার করে প্রশাসন এবং কর্তৃপক্ষকে কটাক্ষও করেন তাঁরা। বলা হয়, "মাত্র ৫ জনকে গোটা ঘটনায় গ্রেফতার করা হয়েছে। যা তাণ্ডবকারীদের সংখ্যার মাত্র ১০ শতাংশ।" বিক্ষোভকারীরা এও বলেন, "আহত ইন্টার্নকে প্রশাসন সবচেয়ে উন্নত চিকিৎসা দিচ্ছে, কারণ পুলিশ হামলাকারীদের হাত থেকে ওই তরুণকে রক্ষা করতে পারেনি। আর চিকিৎসার সমস্ত টাকাপয়সা ওই আহত ইন্টার্ন এবং তাঁর পরিবারের তরফেই দেওয়া হচ্ছে।" এখানেই থামেননি বিক্ষোভকারীরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দেগেছেন তাঁরা। এবং স্বাস্থ্য মন্ত্রকের উদ্দেশে সাফ জানিয়ে দিয়েছেন যতক্ষণ না তাঁদের সব দাবি মানা হবে ততক্ষণ অবস্থান চলবে।
বিক্ষোভকারীদের কথায়, "যাঁরা অন্যদের প্রাণ বাঁচান, এ বার তাঁদের নিরাপদে রাখার সময় এসেছে।" নিজেদের আন্দোলনের নাম দিয়েছেন, 'save the saviour movement'। সব শেষে বিক্ষোভে সামিল ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তারদের তরফে তাঁদের প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, "আমাদের আবেদন, 'সচেতন' কর্তৃপক্ষ যেন আমাদের সব দাবি বুঝে নিয়ে সেই মতো পদক্ষেপ নেন। তাহলেই আমরা দ্রুত নিজেদের কাজে ফিরে যাব। আপনাদের বারবার আমাদেরকে বলতে হবে না।"
শরীরী ভাষা থেকে প্রেস বিবৃতি সবেতেই বিক্ষোভকারীরা বুঝিয়ে দিচ্ছেন যে, এ বার নিজেদের সব দাবি তাঁরা আদায় করে নেবেন।