কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা জানান, দিনহাটার বাসিন্দা খাইরুল শেখ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় আতঙ্কে ছিলেন তিনি। তাঁর নাম খাইরুল শেখ। কিন্তু ভোটার তালিকায় রয়েছে খয়রু শেখ। তাই চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি।

শেষ আপডেট: 29 October 2025 16:56
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার; SIR আতঙ্কে রাজ্যে আরও একজনের আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠল। এবার কোচবিহারের দিনহাটায়। খাইরুল শেখ নামে ওই ব্যক্তির পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল ছিল। তা জানতে পেরে আতঙ্কে ছিলেন বছর ষাটের খাইরুল।
কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা জানান, দিনহাটার বাসিন্দা খাইরুল শেখ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় আতঙ্কে ছিলেন তিনি। তাঁর নাম খাইরুল শেখ। কিন্তু ভোটার তালিকায় রয়েছে খয়রু শেখ। তাই চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি।
দিনহাটার বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকার বাসিন্দা খাইরুল। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করার পরেই তাঁকে তড়িঘড়ি কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি অনেকটা সুস্থ। হাসপাতালের শয্যায় তিনি জানান, নামে ভুল রয়েছে। যদি নাম বাদ পড়ে সেই আশঙ্কাতেই বিষ খেয়েছেন। গ্রামবাসীদের দাবি, এসআইআর ঘোষণার পর থেকেই দিশেহারা হয়ে পড়েছিলেন খাইরুল। পুলিশসুপার জানান, ওই ব্যক্তি একটু সুস্থ হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে আসল কারণ জানা সম্ভব হবে। পুরো বিষয়টা এখন তদন্তসাপেক্ষ।
রাজ্যে SIR এর কাজ শুরুর পরেই আত্মহত্যা করেন উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। উদ্ধার হওয়া ‘সুইসাইড নোটে’ সে কথাই বলা ছিল বলে পুলিশের দাবি। এ বার কোচবিহারেও এক জন আত্মহত্যার চেষ্টা করলেন এসআইআর আতঙ্কে! বুধবার প্রদীপের বাড়ি গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে দিনহাটার ঘটনার কথা উল্লেখ করেন অভিষেক।
কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক জানান, গ্রামের মানুষ এতটা শিক্ষিত নয়। বাংলায় আর ইংরেজিতে নাম দেখেই তিনি ঘাবড়ে গেছেন। নির্বাচন কমিশন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তার ফলেই গ্রামের মানুষ আতঙ্কিত হচ্ছেন।