চলতি বছরের ৩১ জানুয়ারি অবসর নেন তৎকালীন ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমার। তাঁর অবসরের পর দায়িত্বভার দেওয়া হয় ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডেকে। একই দিনে কর্মজীবনের শেষ দিন ছিল রাজ্যের আর এক আইপিএস আধিকারিক রাজেশ কুমারের।

ফাইল ছবি
শেষ আপডেট: 26 February 2026 11:53
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে স্থায়ী ডিজিপি (West Bengal DGP) নিয়োগ ঘিরে দীর্ঘ টানাপড়েনের পর ফের সক্রিয় প্রশাসন। পদস্থ আইপিএস আধিকারিকদের নামের নতুন তালিকা তৈরি করে তা দিল্লিতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নবান্ন (Nabanna)। প্রশাসনিক সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যেই এই তালিকা পাঠানো হতে পারে।
চলতি বছরের ৩১ জানুয়ারি অবসর নেন তৎকালীন ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমার (Ex DGP Rajeev Kumar)। তাঁর অবসরের পর দায়িত্বভার দেওয়া হয় ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডেকে (Piyush Pandey)। একই দিনে কর্মজীবনের শেষ দিন ছিল রাজ্যের আর এক আইপিএস আধিকারিক রাজেশ কুমারের। অবসরের আগে ডিজিপি নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনি কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইবুনাল বা ক্যাট (Central Administrative Tribunal)-এ মামলা দায়ের করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের লক্ষ্যে ইউপিএসসি (Union Public Service Commission)-র কাছে নতুন প্যানেল পাঠানোর নির্দেশ দেয় ক্যাট।
রাজ্য সরকার প্রথম দফায় দশজনের একটি তালিকা পাঠালেও তা ঘিরে আইনি জটিলতা তৈরি হয়। কমিশন সেই নির্দেশের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী নিয়োগ সম্ভব হয়নি। ফলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবেই দায়িত্ব সামলাচ্ছেন পীযূষ পাণ্ডে।
এদিকে তেলঙ্গানায় ডিজিপি নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন মাত্রা যোগ হয়েছে। দেশের যে সব রাজ্যে বর্তমানে ডিজিপি পদ শূন্য, সেখান থেকে নতুন করে নামের তালিকা সংগ্রহ করতে বলা হয়েছে কমিশনকে। সেই নির্দেশের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দফতরের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে প্রশাসনিক মহলের খবর।
কমিশন জানিয়েছে, ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত যাঁরা ডিজিপি পদমর্যাদায় উন্নীত হয়েছেন, তাঁদের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ তালিকা পাঠাতে হবে। প্রাথমিকভাবে আটজন আধিকারিকের নাম রয়েছে। সূত্রের দাবি, তালিকায় আছেন অনুজ শর্মা, পীযূষ পাণ্ডে, এন রমেশ বাবু, সিদ্ধিনাথ গুপ্তা এবং সঞ্জয় সিংয়ের মতো শীর্ষপদস্থ পুলিশকর্তারা।
প্রসঙ্গত, নবান্ন দশ জনের নাম সম্বলিত সেই প্যানেল ইতিমধ্যেই পাঠিয়েছিল। তবে ক্যাটের রায়ের বিরুদ্ধে আদালতে যায় ইউপিএসসি। ফলে ৩১ জানুয়ারির মধ্যে রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগ করা সম্ভব হয়নি। এবার স্থায়ী সমাধানের লক্ষ্যে ফের ইউপিএসসি-র কাছে নতুন করে তালিকা পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, নাম পাঠানোর দিন শেষ হচ্ছে শুক্রবার। তার আগেই নবান্ন নাম পাঠাবে বলে খবর।