বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের নির্বাচন কমিশনের অফিসে বড়সড় রদবদলের সম্ভাবনা।

ফাইল ছবি।
শেষ আপডেট: 25 July 2025 19:06
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের নির্বাচন কমিশনের অফিসে (Chief Electoral Office) বড়সড় রদবদলের সম্ভাবনা।
মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO), এর দফতরের তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হল নবান্ন (Nabanna)। ইতিমধ্যে নবান্নের তরফে অতিরিক্ত সিইও, যুগ্ম সিইও এবং ডেপুটি সিইও পদে নিয়োগের জন্য তিনটি পৃথক প্যানেল (Panel) পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।
সূত্রের খবর, মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের এই তিনটি শূন্য পদ দীর্ঘদিন ধরে পূরণ হয়নি। এবার বিধানসভা নির্বাচনের প্রস্তুতির দিক মাথায় রেখে এই পদগুলি দ্রুত পূরণের জন্য কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। কমিশন অনুমোদন দিলেই চূড়ান্ত নাম ঘোষণা হবে।
নবান্ন সূত্রে খবর, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদের জন্য প্রস্তাবিত তিনটি নাম পাঠানো হয়েছে। এরা হলেন, সুদীপ মিত্র, স্পেশাল সেক্রেটারি, প্রশাসনিক কর্মীবর্গ। সুজয় সরকার, স্পেশাল সেক্রেটারি, বিধাননগর পুরসভা এবং সুদীপ সরকার, অ্যাডিশনাল সেক্রেটারি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।
একইভাবে যুগ্ম সিইও পদের জন্য স্টাফ সিলেকশন কমিশনের সেক্রেটারি সৌম্যজিৎ দেবনাথ, স্বাস্থ্য দফতরের অ্যাডিশনাল সেক্রেটারি বহ্নিশিখা দে এবং ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের অতিরিক্ত সচিব অরুন্ধতী ভৌমিকের নাম পাঠানো হয়েছে।
ডেপুটি সিইও পদের জন্য প্রস্তাবিত নামগুলি হল: রঞ্জন চক্রবর্তী, যুগ্ম সচিব, বিদ্যুৎ দফতর, প্রিয়রঞ্জন দাস, যুগ্ম সচিব, পূর্ত দফতর এবং রাজীব মণ্ডল, ল্যান্ড ম্যানেজার, বিধাননগর নগর উন্নয়ন ও পুর বিষয়ক দফতর।