আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা (Monsoon) এসেছে ১৩ মে। আর এবার বাংলায় ঢুকল বলে।

ছবি সৌজন্যে- সৌম্যদীপ সেন (দ্য ওয়াল)
শেষ আপডেট: 26 May 2025 10:32
দ্য ওয়াল ব্যুরো: আটদিন আগে কেরলে বর্ষা ঢুকেছে। মুম্বইতে ঢুকল সপ্তাহের শুরুতে অর্থাৎ আজ। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঢুকে পড়েছে। এদিকে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা (Monsoon) এসেছে ১৩ মে। আর এবার বাংলায় ঢুকল বলে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই বর্ষা ঢুকবে সিকিম ও উত্তরবঙ্গের কিছু অংশে।
উত্তরবঙ্গের আকাশ এখন থেকেই মেঘলা। প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ঝড়ের দাপট বেশি থাকতে পারে। সোমবার থেকে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার ও বৃহস্পতিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি (Heavy Rain) হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই সময়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শনিবারও এই তিন জেলায় প্রবল বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস রয়েছে। সোমবার ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আটটি জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মানুষজনকে সতর্ক করা হয়েছে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই টানা বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। শনিবার বীরভূম ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতার (Kolkata Weather) আকাশ সোমবার থেকেই আংশিক মেঘলা। বেলা বাড়লে গরমের সঙ্গে অস্বস্তিও বাড়ছে। বিকেল বা রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮–৯১ শতাংশ।
২৭ মে মঙ্গলবার, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। এদিকে আরব সাগরের গভীর নিম্নচাপ ঢুকে পড়েছে স্থলভাগে, এখন অবস্থান করছে মধ্য মহারাষ্ট্রে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এটি কর্নাটকের দিকে যাবে এবং ক্রমশ দুর্বল হবে।
এই পরিস্থিতিতে বুধবার থেকে উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। তাই বুধবার থেকে বৃহস্পতিবার বাংলা ও ওড়িশা উপকূলে গভীর সমুদ্রে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
কর্নাটক, কেরল, মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি ও কড়াইকালে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আন্দামান-নিকোবর, মহারাষ্ট্র, কর্নাটক, কঙ্কণ ও গোয়াতে। দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, তেলঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগড়, সিকিম, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে আগামী বেশ কয়েকদিন। রাজস্থানে হতে পারে ধুলোঝড়।