মঙ্গলবার গোলাম রব্বানি জানান, পার্ট নম্বর ৬০ ও সিরিয়াল নম্বর ৮৩ তে খোঁজ করেও তিনি নিজের নাম পাননি। এই ঘটনায় অবাক হয়েছেন তিনি। তবে ব্যক্তিগত ক্ষোভ ছাপিয়ে গেছে বৃহত্তর সমস্যা।

শেষ আপডেট: 24 March 2026 16:18
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম নেই রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির। এই ঘটনা সামনে আসতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। গোয়ালপোখর বিধানসভা কেন্দ্র থেকে এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি। প্রথম পর্যায়ে ২৩ এপ্রিল উত্তর দিনাজপুরে ভোটগ্রহণ। তাই উদ্বেগ ছড়িয়েছে গোয়ালপোখরের শাসক শিবিরে।
মঙ্গলবার গোলাম রব্বানি জানান, পার্ট নম্বর ৬০ ও সিরিয়াল নম্বর ৮৩ তে খোঁজ করেও তিনি নিজের নাম পাননি। এই ঘটনায় অবাক হয়েছেন তিনি। তবে ব্যক্তিগত ক্ষোভ ছাপিয়ে গেছে বৃহত্তর সমস্যা। রাজ্যের মন্ত্রীর দাবি, জেলায় প্রায় ৪ লক্ষ ৮০ হাজার ভোটারের নাম নেই সাপ্লিমেন্টারি তালিকায়। গোয়ালপোখরেও প্রায় ৭৮ হাজার নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। সারা রাজ্যে এই সংখ্যা প্রায় ৬০ লক্ষ। তিনি নিজে ভোটে লড়বেন কিনা, তার থেকে অনেক বেশি জরুরি এই মানুষগুলির নাম ভোটার তালিকায় ওঠা। সাধারণ মানুষের পক্ষে ট্রাইবুনালে যাওয়া কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি।
গোলাম রব্বানি এদিন বলেন, "আমি স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, ভোটার কার্ড ও আধার কার্ড-সহ সমস্ত নথি জমা দিয়েছি। তারপরেও সাপ্লিমেন্টারি তালিকায় আমার নাম দেখতে পাইনি। দীর্ঘদিন সরকারি চাকরি করার পরও আমার নাম কী করে তালিকা থেকে বাদ পড়ল তাও আমার জানা নেই।"
এই ঘটনাকে তিনি বিজেপি ও নির্বাচন কমিশনের ষড়যন্ত্র বলেও অভিযোগ করেছেন। সব মিলিয়ে, এই ইস্যুকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা। সোমবার মাঝরাতে রাজ্যে বিবেচনাধীন ভোটারদের ভাগ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রায় ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে ২৯ লক্ষের ফয়সালা করা প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের এই পদক্ষেপের ফলে কয়েক লক্ষ ভোটারের নাম যেমন চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তেমনই বাদও পড়েছে অনেকের নাম।