সূত্রের খবর, মন্ত্রীর হিসেববর্হিভূর্ত সম্পত্তির খোঁজে শুক্রবার বীরভূমের মুরারইয়ের কিষাণ মাণ্ডিতে ইডির একটি দল তল্লাশি চালায়। সেখানে কিছু তথ্য পাওয়া গেছে, যার ফলে মন্ত্রীর গ্রেফতারের সম্ভাবনা ক্রমশ বাড়ছে।

মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
শেষ আপডেট: 20 September 2025 11:33
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জামিন শুনানির জন্য শনিবার সকালেই সিবিআই বিশেষ আদালতে পৌঁছলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সাদা পায়জামা, সাদা জুতো ও পাঞ্জাবি পরে সকাল সাড়ে ১০টায় আদালতে উপস্থিত হন তিনি। আদালতকক্ষে বেঞ্চে বসে আইনজীবীদের সঙ্গে নিচু স্বরে কথা বলতে দেখা যায়।
এই মামলার ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটে চন্দ্রনাথকে ৫৫তম অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। বর্তমানে তিনি অন্তর্বর্তী জামিনে রয়েছেন। ইডি তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করেছে। আজ দ্বিতীয় দফার শুনানিতে সেই আবেদনের প্রেক্ষিতে আদালত কী নির্দেশ দেয়, তা নিয়ে কৌতূহল সব মহলে।
সূত্রের খবর, মন্ত্রীর হিসেববর্হিভূর্ত সম্পত্তির খোঁজে শুক্রবার বীরভূমের মুরারইয়ের কিষাণ মাণ্ডিতে ইডির একটি দল তল্লাশি চালায়। সেখানে কিছু তথ্য পাওয়া গেছে, যার ফলে মন্ত্রীর গ্রেফতারের সম্ভাবনা ক্রমশ বাড়ছে।
মামলায় নাম জড়ানোর সূত্রপাত হয়েছিল বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের জবানবন্দি থেকে। এরপর তদন্তকারীরা চন্দ্রনাথের ব্যাংক অ্যাকাউন্টে নজর দেন এবং একাধিক বড় লেনদেন ধরা পড়ে। ৬ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন চন্দ্রনাথ। অন্তর্বর্তী জামিনে তিনি ছাড়া পান।
ইডি-র দাবি, প্রায় ১৫৯ প্রার্থীর কাছ থেকে গড়ে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন মন্ত্রী, যা মোটে প্রায় ১২.৭২ কোটি টাকা। এত বিপুল অর্থ কোথায় গেল, তা এখনও পর্যন্ত তাঁর ব্যাখ্যায় ধরা পড়েনি। ব্যাংক অ্যাকাউন্ট, জমি বা সম্পত্তির কোনো হদিস নেই।
সূত্রের খবর, শুক্রবার কিষাণ মাণ্ডিতে দীর্ঘক্ষণ মন্ত্রীর বিষয়ে খোঁজখবর নেন ইডির তদন্তকারীরা। সেখানে মন্ত্রীর আর্থিক উৎস সংক্রান্ত একাধিক তথ্য পাওয়া গেছে বলে খবর। এখন দেখার, আজ আদালতে ইডি নতুন কী তথ্য হাজির করে।