৬ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন চন্দ্রনাথ। অন্তর্বর্তী জামিনে তিনি ছাড়া পান।

মন্ত্রী চন্দ্রনাথ সিনহা
শেষ আপডেট: 20 September 2025 10:10
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে (Minister Chandranath Sinha) শনিবার ফের আদালতে হাজিরা দিতে হবে। সূত্রের খবর, মন্ত্রীকে নিজেদের হেফাজতে পেতে এদিন আদালতে জোরাল সওয়াল করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)।
প্রসঙ্গত, মন্ত্রীর হিসেববর্হিভূর্ত সম্পত্তির খোঁজে ২৪ ঘণ্টা আগেই বীরভূমের মুরারইয়ের কিষাণ মাণ্ডিতে ইডির একটি দল তল্লাশি চালায়। তদন্তকারীরা সেখানে কিছু তথ্য পেয়েছেন, যার ফলে মন্ত্রীর গ্রেফতারের সম্ভাবনা ক্রমশ বাড়ছে বলে সূত্রের দাবি।
নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর সূত্রপাত হয়েছিল বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের জবানবন্দি থেকে। এরপর তদন্তকারীরা চন্দ্রনাথের অ্যাকাউন্টে নজর দেন এবং সেখানে একাধিক বড় লেনদেন ধরা পড়ে। গত ৬ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন চন্দ্রনাথ। অন্তর্বর্তী জামিনে তিনি ছাড়া পান।
ইডি-র দাবি, প্রায় ১৫৯ প্রার্থীর কাছ থেকে গড়ে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন মন্ত্রী, যা প্রায় ১২.৭২ কোটি টাকা। এত বিপুল অর্থ কোথায় গেল, তা এখনও পর্যন্ত তাঁর ব্যাখ্যায় ধরা পড়েনি। ব্যাংক অ্যাকাউন্ট, জমি বা সম্পত্তির কোনো হদিস নেই।
সূত্রের খবর, শুক্রবার কিষাণ মাণ্ডিতে দীর্ঘক্ষণ চন্দ্রনাথের বিষয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলেন ইডি-র তদন্তকারীরা। সেখানে মন্ত্রীর আর্থিক উৎস সংক্রান্ত বিষযে একাধিক তথ্য মিলেছে বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর। এখন দেখার, এই মামলায় এদিন আদালতে নতুন কী তথ্য হাজির করে ইডি। তবে এ ব্যাপারে মন্ত্রীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।