সেই নথি যাচাই করেই পরপর তিনবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি এবং বর্তমানে রাজ্যের মন্ত্রিত্বের দায়িত্বেও রয়েছেন।
.jpeg.webp)
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 29 January 2026 18:56
দ্য ওয়াল ব্যুরো: হিয়ারিংয়ের নোটিস (SIR notice) হাতে নিয়ে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়াতে হল রাজ্যের এক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকেও (Minister)। মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন বৃহস্পতিবার নির্ধারিত দিনে হাজির হলেন SIR সংক্রান্ত শুনানিতে। শুধু তিনি নন, তাঁর পরিবারের একাধিক সদস্যকেও একইভাবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
নির্বাচন কমিশনের (Election Commission) পাঠানো নোটিস অনুযায়ী এদিন শুনানি কেন্দ্রে পৌঁছন তাজমুল। কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ১৮ জানুয়ারি তাঁর ঠিকানায় SIR সংক্রান্ত হিয়ারিংয়ের নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসের ভিত্তিতেই নির্ধারিত দিনে হাজিরা দেন তিনি।
তিনবারের নির্বাচিত বিধায়ক তাজমুল হোসেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বাংরুয়া গ্রামের বাসিন্দা। ২০২ নম্বর বুথের ভোটার তিনি। বুথ কেন্দ্র বাংরুয়া হিজরি প্রাথমিক বিদ্যালয়। তাঁর বাবার নাম দিদার বক্স। মন্ত্রীর দাবি, ২০০২ সাল থেকেই তাঁর নাম ও বাবার নাম সমস্ত সরকারি নথিতে একইভাবে নথিভুক্ত রয়েছে। সেই নথি যাচাই করেই পরপর তিনবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি এবং বর্তমানে রাজ্যের মন্ত্রীও।
তা সত্ত্বেও হেয়ারিংয়ের নোটিস পাঠানোয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন তাজমুল। তাঁর অভিযোগ, এর পিছনে চক্রান্ত রয়েছে। শুনানি কেন্দ্রে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই নোটিস পেয়ে নির্ধারিত দিনেই হাজির হয়েছি। আমার এবং আমার পরিবারের সব নথি সঠিক আছে। তবু এভাবেই ওরা মানুষকে হয়রানি করছে।”
রাজনৈতিক মহলের মতে, তিনবারের বিধায়ক এবং বর্তমান মন্ত্রী হয়েও এই ধরনের নোটিস পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশনের যাচাই প্রক্রিয়া, নোটিস পাঠানোর মানদণ্ড এবং তার পেছনের কারণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
SIR সংক্রান্ত শুনানি ঘিরে সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক অভিযোগ সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে এক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়াতে হওয়ার ছবি রাজ্য রাজনীতিতে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।