ফেলু মোদকের বর্তমান কর্ণধার অমিতাভ দে জানিয়েছেন, মেসির জন্য তৈরি করা হয় প্রায় সাড়ে চার কেজি ওজনের এক মহাসন্দেশ। উৎকৃষ্ট মানের ছানা-ক্ষীর-পেস্তা-কেশরসহ নানা উপাদানে ঠাসা। আর পুরোটাই নলেন গুড়ের তৈরি। সন্দেশের মেসির গায়েও নীল-সাদা আর্জেন্টিনার জার্সি।

শেষ আপডেট: 13 December 2025 19:46
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ফুটবলের জাদুকর লিওনেল মেসি (Messi in Kolkata) রাজ্যে আসবেন, আর তাঁর হাতে সন্দেশ পৌঁছবে না! এমনটা হয় কখনও! তাই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগে থেকেই। রিষড়ার স্বনামধন্য প্রতিষ্ঠান ফেলু মোদকের মেসি সন্দেশ শনিবার ভোরে পৌঁছে গেল ফুটবলের জাদুকরের কাছে।
ফেলু মোদকের বর্তমান কর্ণধার অমিতাভ দে জানিয়েছেন, মেসির জন্য তৈরি করা হয় প্রায় সাড়ে চার কেজি ওজনের এক মহাসন্দেশ। উৎকৃষ্ট মানের ছানা-ক্ষীর-পেস্তা-কেশরসহ নানা উপাদানে ঠাসা। আর পুরোটাই নলেন গুড়ের তৈরি। সন্দেশের মেসির গায়েও নীল-সাদা আর্জেন্টিনার জার্সি।
অমিতাভবাবু বলেন, "এই মিষ্টিটি তৈরি করতে এবার বেশ সময় লেগেছে আমাদের কারিগরদের। কারণ মেসির শরীরের নানা বিভঙ্গ নির্ভুলভাবে ফুটিয়ে তুলতে কোনও কসুর রাখেননি তাঁরা। তাঁর দেহে মাসলের খেলা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তাঁর এই সন্দেশের মূর্তিতে। গায়ে আর্জেন্টিনার জার্সিতে নীল রং। সেই রং একেবারে ভেষজ। আমাদের কারিগররা অপরাজিতা ফুলের নির্যাস থেকে এই রঙ তৈরি করেছেন। মেসি বিশ্বমানের ফুটবলার। তাই তাঁর হাতে সন্দেশ তুলে দিতে গেলে তার মানও সেরকমই হতে হয়।"
বিশ্ব ফুটবলের মহাতারকা মেসি শুক্রবার গভীর রাতে কলকাতায় আসেন। হোটেলে পৌঁছনোর পরে তাঁর হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। বাংলার রসগোল্লা ও সন্দেশও নিয়ে যান ফেলু মোদকের কর্ণধার। তাঁর কথায়, "এই অনুভূতির কোনও তুলনা নেই। স্বপ্নের নায়কের সামনে এর থেকে ভাল আর কীই বা নিয়ে যেতে পারতাম আমরা।" অতীতে বিশ্ব ফুটবলের একাধিক কিংবদন্তিকে মিষ্টি উপহার দিয়েছে ফেলু মোদক। সেই তালিকায় নাম রয়েছে পেলে, মারাদোনা, রোনান্ডিনহো,মার্টিনেজদের। এবার নাম যোগ হল মেসির।