নির্বাচনের বৈধ্যতা নিয়ে প্রশ্ন তুলে টিএমসিপির দাবি, এই নির্বাচনের বিষয়ে স্বাস্থ্য ভবন বা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্সেসের কাছে কোনও খবর নেই।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 2 June 2025 22:52
দ্য ওয়াল ব্যুরো: ২০ তে ১৭! কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের নির্বাচনে (Calcutta Medical College Student Council Elections) বড় জয় পেল মেডিক্যাল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা এমসিডিএসএ (MCDSA,)।
অন্যদিকে এই নির্বাচনে প্রার্থীই দেয়নি শাসকদল তৃণমূলের ছাত্র সংগঠন (TMCP)। বরং নির্বাচনের বৈধ্যতা নিয়ে প্রশ্ন তুলে টিএমসিপির দাবি, এই নির্বাচনের বিষয়ে স্বাস্থ্য ভবন বা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্সেসের কাছে কোনও খবর নেই। তাহলে কীভাবে নির্বাচন হয়? তাই তাঁরা এই ভোটে অংশ নেননি।
যদিও টিএমসিপির দাবি উড়িয়ে মেডিক্যাল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের দাবি, শুধু কলকাতা মেডিক্যাল নয় বর্তমান সময়ে রাজ্যের প্রতিটি কলেজে ছাত্র সংসদের ভোট হলে টিএমসিপি গো হারান হারবে।
শাসকদলের ছাত্র সংগঠন ভোটে অংশ না নিলেও ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা এমসিডিএসএ-র পাশাপাশি এসইউসিআইয়ের ছাত্র সংগঠন ডিএসও এবং ব্যক্তিগতভাবেও কয়েকজন ছাত্র ভোটে দাঁড়িয়েছিলেন।
কলেজ সূত্রের খবর, মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় এক হাজার। দিনের শেষে ৭৭.৮ শতাংশ ভোট পড়ে। গণনা শেষে দেখা যায়, এমসিডিএসএ ১৭টি আসনে এবং ডিএসও একটি আসনে জয়ী হয়েছে। এছাড়াও দু'জন নির্দল প্রার্থীও জয়ী হয়েছেন।
ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে ২০২২ সালে অনশন আন্দোলন শুরু করেছিলেন মেডিক্যাল কলেজের একাংশ পড়ুয়া। তবে কর্তৃপক্ষ এ নিয়ে কোনও পদক্ষেপ না করায় পড়ুয়ারা নিজেরাই নির্বাচন করার সিদ্ধান্ত নেন। সে সময় সমাজের বিশিষ্টদের তত্ত্বাবধানে ভোট হয়। প্রথমে এই ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলেও পরে তা মেনে নেয় কলেজ কর্তৃপক্ষ। গত বছর আরজি কর কাণ্ডের জেরে অবশ্য ছাত্র সংসদের নির্বাচন হয়নি।