এবারে দু'টি শিফটে NEET PG 2025 এর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। এই সিদ্ধান্তের বিরুদ্ধ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একাংশ জুনিয়র চিকিৎসক।

বিজ্ঞপ্তি দিয়ে জানাল বোর্ড।
শেষ আপডেট: 2 June 2025 22:15
দ্য ওয়াল ব্যুরো: পিছিয়ে গেল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন-এর পরীক্ষা (NEET PG 2025)। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৫ জুন দুটি শিফটে এই পরীক্ষা হওয়ার কথা ছিল (Postgraduate Medical Entrance Test)।
তবে এদিন ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস এর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই পরীক্ষা ১৫ জুন হচ্ছে না। কবে হবে তা শীঘ্রই NBEMS-এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। এ ব্যাপারে পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এবারে দু'টি শিফটে NEET PG 2025 এর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। এই সিদ্ধান্তের বিরুদ্ধ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একাংশ জুনিয়র চিকিৎসক। তাঁদের দাবি ছিল, দুটি শিফটের পরিবর্তে একটি শিফটেই পরীক্ষার ব্যবস্থা করা হোক।
আদালতও পড়ুয়াদের সঙ্গে সহমত পোষণ করে একটি শিফটেই পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল। স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা ও নিরাপদ কেন্দ্র নির্বাচনের নির্দেশও দেয় আদালত। তারপরই বোর্ডের তরফে ডাক্তারির স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হল।
প্রতি বছর মেডিক্যালের বিভিন্ন বিষয়ে এমডি/এমএস/পিজি ডিপ্লোমা/ডিএনবি-র জন্য প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়। অতীতেও এক শিফটে পরীক্ষা হয়েছে। এবারই প্রথমবার দুই শিফটে পরীক্ষা করতে চেয়েছিল বোর্ড। যদিও পড়ুয়াদের আপত্তিতে তা খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট। বোর্ডের তরফে জানানো হয়েছে, শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে https://natboard.edu.in/viewnbeexam?exam=neetpg# পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।