দলের লিগাল সেলের চেয়ারম্যানের পদ থেকে কয়েকদিন আগেই সরানো হয় মলয় ঘটককে। সে জায়গায় দায়িত্ব নেন চন্দ্রিমা ভট্টাচার্য।

মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 2 June 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়লেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সূত্রের খবর, আজ, সোমবার দুপুরের বৈঠকে মমতা বলেন, 'আমি খবরের কাগজ পড়ে জানতে পারছি, নানারকম মৌ স্বাক্ষর হচ্ছে আমায় না জানিয়ে।' এভাবে দফতরের কাজ করা যাবে না বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি বলেন, 'মন্ত্রীরা অফিসারদের কথা শুনছেন, তাঁদের দাবি রাখছেন। আবার সেইমতো মন্ত্রী অফিসারদের নির্দেশ দিচ্ছেন কী করতে হবে, সেই মতো কাজ হচ্ছে। অর্থাৎ দফতরের মন্ত্রী তাঁর অফিসারদের নিয়ে সবটা ঠিক করে নিচ্ছেন, আমি জানতেই পারছি না। আমায় খবরের কাগজ পড়ে জানতে হচ্ছে। এমনটা চলবে না। এভাবে কাজ করবেন না। সমস্যা হলে আমায় দেখতে হবে, সেটা চলবে না। ফলে করার আগেই আমায় জানাতে হবে।'
এই প্রথম নয়, এর আগেও একবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রাথমিক শিক্ষায় সেমেস্টার পদ্ধতি আনার কথা বলেছিলেন। এই বিষয়টি সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন তিনি। সে সময়েই ব্রাত্য বসুকে বেশ বকাবকি করেন মুখ্যমন্ত্রী। ভর্ৎসনা করে বলেন, তাঁকে না জানিয়ে, বা তিনি পাশ না করে দিলে, কোনও সিদ্ধান্ত নিতে পারবে না কোনও মন্ত্রক। পরবর্তীকালে এই সেমেস্টারের প্রস্তাব বাতিল হয়ে যায়।
এবার ব্রাত্যর মতোই, মুখ্যমন্ত্রীকে না জানানোর জন্য, বকুনি খেলেন স্নেহাশিস।
পাশাপাশি, এদিন রাজ্যের লিগাল সেল নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী,। সূত্রের খবর, এদিন লিগাল সেলের মাথা চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটককে মমতা বলেন, 'লিগাল সেল কেবল নামেই, কিছু কাজ হচ্ছে না। চন্দ্রিমা তুমি মলয়ের সঙ্গে বোসো। নিজেরা কথা বলে লিগাল সেলটাকে ঠিক করো, সক্রিয় করো।'
প্রসঙ্গত, দলের লিগাল সেলের চেয়ারম্যানের পদ থেকে কয়েকদিন আগেই সরানো হয় মলয় ঘটককে। সে জায়গায় দায়িত্ব নেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার তৃণমূলের তরফে এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়। দলের তরফে এও জানানো হয়, শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আজ সেই চন্দ্রিমাকেই মুখ্যমন্ত্রী বললেন, মলয় ঘটকের সঙ্গে বসে লিগাল সেলকে সক্রিয় করার বন্দোবস্ত করতে হবে।
প্রতিটি দলেরই আইনি বিষয় দেখার জন্য দলের তরফে একটি লিগ্যাল সেল থাকে। সেই সেলের তরফেই দলের যাবতীয় আইনি সমস্যা দেখা হয়। ওই লিগ্যাল সেলের চেয়ারম্যানের পদ থেকে কী কারণে মলয়কে সরানো হয়েছে, তা নিয়েও অবশ্য দলের তরফে কোনও ব্যাখ্যা জানা যায়নি। তবে দলের একাংশের মতে, সাম্প্রতিক কয়েকটি ক্ষেত্রে মলয় ঘটকের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠে। ওই ঘটনার জেরেই এই বদল কিনা, তা নিয়েও দলের অভ্যন্তরে চর্চা শুরু হয়েছে।
সূত্রের আরও খবর, এদিন ক্যাবিনেটে, মুর্শিদাবাদ জেলার আলাদা মহকুমা ফরাক্কা হবে বলে অনুতি দিয়েছে মন্ত্রিসভা। ফরাক্কা যে মহকুমা হবে, তা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ অনুমোদন মিলল মন্ত্রিসভাতেও।
ক্যাবিনেট সূত্রের খবর, এই নতুন মহকুমার খাতে ১০৯টি চুক্তিভিত্তিক শূন্যপদও তৈরি হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি দফতরে একটি বা দুটি করে শূন্যপদও তৈরি হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন দফতরে মোট ৩৩৬টি শূন্যপদের কথা এদিন ঘোষণা করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।