মুখ্যমন্ত্রী জানান, তাঁর কাছে খবর আছে যে প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এ পর্যন্ত ২২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ১০ লক্ষ নাম বাদ পড়তে চলেছে বলে তাঁর আশঙ্কা।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 20 March 2026 19:20
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের মুখে (West Bengal Assembly Election 2026 ) ভোটার তালিকা সংশোধন এবং আমলা বদলি নিয়ে নজিরবিহীন আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দলের ইস্তাহার প্রকাশের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন, রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গিয়েছে। সেই সঙ্গে তাঁর দাবি, ‘বিবেচনাধীন’ (Under Adjudication) ভোটারদের তালিকা (Voter List) থেকে বেছে বেছে একটি বিশেষ সম্প্রদায় এবং মতুয়া-রাজবংশীদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে।
মুখ্যমন্ত্রী জানান, তাঁর কাছে খবর আছে যে প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এ পর্যন্ত ২২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ১০ লক্ষ নাম বাদ পড়তে চলেছে বলে তাঁর আশঙ্কা। মমতার কথায়, “মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরে সবচেয়ে বেশি নাম বাদ দেওয়া হচ্ছে। বিশেষ একটি সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু, মতুয়া ও রাজবংশী মানুষও বাদ যাচ্ছেন।” কমিশনের তথ্য বলছে, বৃহস্পতিবার পর্যন্ত ২৫ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়েছে, তবে তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা কাটেনি। মমতার প্রশ্ন, “ভোটের আগে এই কাজ আদৌ শেষ হবে তো?”
রাজ্যের অভিজ্ঞ আমলা ও পুলিশ আধিকারিকদের ভিনরাজ্যে পর্যবেক্ষক করে পাঠিয়ে দেওয়া নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, খাদ্য বা পঞ্চায়েত দফতরের মতো জনপরিষেবা মূলক বিভাগের সচিবদের সরিয়ে দেওয়ায় রাজ্যের উন্নয়ন থমকে যেতে পারে। মমতা বলেন, “রেশন বন্ধ হয়ে গেলে আমাকে দোষ দেবেন না। ঝড়-বৃষ্টিতে রাস্তা ভেঙে গেলে পিডব্লিউডি-র সচিব নেই, দেখবেন কে?” তাঁর দাবি, যাঁদের আনা হচ্ছে তাঁরা বাংলার ভূগোল-সংস্কৃতি চেনেন না। কোনও বিপর্যয় ঘটলে তার দায় বিজেপি সরকার ও তাদের ‘তোতাপাখি’ কমিশনকেই নিতে হবে।
এদিন মুখ্যমন্ত্রী আরও একটি গুরুতর অভিযোগ আনেন। তিনি দাবি করেন, উত্তরবঙ্গকে বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে নতুন রাজ্য গড়ার পরিকল্পনা করছে বিজেপি। তাঁর আশঙ্কা, ভোটের পর ডিলিমিটেশন, এনআরসি এবং সেন্সাসের নামে আরও মানুষের নাম বাদ দেওয়ার ছক কষা হয়েছে। মমতার কটাক্ষ, “বাংলার মানুষকে এত ভয় যে রাষ্ট্রপতি শাসন জারি করে মোদীজিকে ভোট করাতে হচ্ছে!”
মুখ্যমন্ত্রীর এই আক্রমণের পালটা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আসলে বুঝতে পারছেন নির্বাচনে তিনি জিতবেন না। তাই ৩৫৬ ধারা জারি করিয়ে ‘শহিদ’ হতে চাইছেন এবং পিছনের দরজা দিয়ে দিল্লিতে পালানোর রাস্তা খুঁজছেন।” শমীকের দাবি, নির্বাচিত সরকার ফেলে দেওয়া বিজেপির আদর্শ নয়, বরং সাধারণ মানুষই প্রশ্ন করছেন এই সরকার কেন এখনও টিকে আছে।