মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, ধর্মতলাতে ধর্না চলবে। তিনি দাবি করেন, ভোটার তালিকায় এমন বহু মানুষের নাম রয়েছে যাঁদের মৃত বলে দেখানো হয়েছে, অথচ তাঁরা বাস্তবে জীবিত। সেই সমস্ত মানুষকে আগামী দিনে সামনে আনা হবে বলেও জানান তিনি।

ধর্মতলার ধর্নামঞ্চের সামনে বিক্ষোভ - নিজস্ব ছবি
শেষ আপডেট: 6 March 2026 17:28
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Elections 2026) আগে এসআইআর ইস্যুতে (West Bengal SIR) নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়ে ধর্মতলায় ফের ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে সেখানে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভের (Para Teachers' Protest) ফলে। তাঁদের পাল্টা বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী।
ধর্মতলার ধর্নামঞ্চে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ শুরু হয় হঠাৎ। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের প্রতিনিধিরা বিক্ষোভ দেখান মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চের (Mamata Banerjee Dharna Mancha) সামনে। মুখ্যমন্ত্রী তাঁদের বলেন - এটা বিক্ষোভ দেখানোর জায়গা না, কিছু দেখানোর হলে মোদীকে গিয়ে দেখান! এখানে রাজনীতি করবেন না।
বিক্ষোভকারীদের শুনিয়ে মমতা বলেন, ''কেউ শান্তভাবে থাকতে পারলে থাকবেন, না হলে থাকবে না। এটা কারও কোনও দাবি তোলার জায়গা নয়, এটা একমাত্র এসআইআরের দাবি, ভোটাধিকারের ব্যাপার। ব্যক্তিগত দাবি জানানোর মঞ্চ এটা নয়। রাজনীতি করার থাকলে অন্য কোথাও করুন। এটা রাজনীতির সময় নয়।''
মমতার আরও সংযোজন, ''এটা খোলামেলা জায়গা, কিন্তু তার মানে এই নয় যে যা খুশি করা যাবে। কেউ এলে সম্মান নিয়ে আসুন। আর কিছু দেখানোর থাকলে নরেন্দ্র মোদী, অমিত শাহ, ভ্যানিশ কুমার (পড়ুন জ্ঞানেশ কুমার)-কে দেখান।'' এরপর পুলিশকে উদ্দেশ্য করে মমতা বলেন, বিক্ষোভকারীদের শান্তভাবে কোনও এক জায়গায় বসিয়ে দিতে।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, ধর্মতলাতে ধর্না চলবে। তিনি দাবি করেন, ভোটার তালিকায় এমন বহু মানুষের নাম রয়েছে যাঁদের মৃত বলে দেখানো হয়েছে, অথচ তাঁরা বাস্তবে জীবিত। সেই সমস্ত মানুষকে আগামী দিনে সামনে আনা হবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তাঁর পরিচিত এমন একজন ব্যক্তিও আছেন যিনি সম্পূর্ণ সুস্থভাবে বেঁচে আছেন, কিন্তু ভোটার তালিকায় তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। সেই ব্যক্তিকেও তিনি আগামিকাল সামনে নিয়ে আসবেন বলে জানান।
রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) আগে এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষ নাম 'বিচারাধীন' রয়েছে। বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ তুলে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee dharna)। মেট্রো চ্যানেলে মঞ্চ বাঁধা হয়েছে।