সিইও-র কথায়, কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যে চারটি রাজ্য ঘুরে ফেলেছে। এখানেও এসে ভোটের প্রস্তুতি দেখবে ৯, ১০ তারিখ। আর ‘বিচারাধীন’ ভোটারদের মধ্যে সাড়ে ৬ লক্ষ ভোটারের নথি যাচাই হয়ে গেছে।
.jpeg.webp)
মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 6 March 2026 13:46
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Elections 2026) আদৌ সময়মতো হবে তো? এসআইআর প্রক্রিয়ার (West Bengal SIR) মাঝে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। কারণ চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final Voter List West Bengal) প্রকাশিত হলেও এখনও প্রায় ৫৪ লক্ষ ভোটার ‘বিচারাধীন’ (Under Adjudication)। যদিও রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের (CEO Manoj Agarwal) ইঙ্গিত, ভোট নির্দিষ্ট সময়েই হবে।
জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) ফুল বেঞ্চ বাংলায় আসছে। আগামী ৮ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত কলকাতায় থাকবেন কমিশনের প্রতিনিধিরা। সেই সফরের আগেই বাংলার ভোট নিয়ে কিছুটা ধন্দ কাটালেন সিইও মনোজ আগরওয়াল। শুক্রবার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যে নির্দিষ্ট সময়ে ভোট হবে কিনা তা স্পষ্ট না করলেও, ইঙ্গিত দিলেন।
সিইও-র কথায়, কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যে চারটি রাজ্য ঘুরে ফেলেছে। এখানেও এসে ভোটের প্রস্তুতি দেখবে ৯, ১০ তারিখ। আর ‘বিচারাধীন’ ভোটারদের মধ্যে সাড়ে ৬ লক্ষ ভোটারের নথি যাচাই হয়ে গেছে। তাই অনুমান করাই যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে। অর্থাৎ সময়মতো ভোট হতেই পারে পশ্চিমবঙ্গে।
এখনও পর্যন্ত মোট ৬০ লক্ষ ‘বিচারাধীন’ (Under Adjudication) ভোটারের মধ্যে মাত্র সাড়ে ৬ লক্ষ নাম খতিয়ে দেখার কাজ বা ‘অ্যাডজুডিকেশন’ সম্পন্ন হয়েছে। তবে কমিশন স্পষ্ট করে দিয়েছে, নিষ্পত্তির অর্থই চূড়ান্ত তালিকায় নাম উঠে আসা নয়। অর্থাৎ নথিপত্র খতিয়ে দেখার পর যাঁদের দাবি বৈধ প্রমাণিত হবে, কেবল তাঁদেরই ঠাঁই হবে মূল তালিকায়।
তাহলে এই ভোটারদের কী হবে? সিইও জানাচ্ছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নামগুলি বিবেচনাধীন। এর মধ্যে ৬ লক্ষ নিষ্পত্তি হয়েছে। যদিও এর আগে কখনও 'বিবেচনাধীন' ভোটারের বিষয়টি তাঁর নজরে আসেনি বলে জানিয়েছেন মনোজ আগরওয়াল। তবে ফর্ম ৬ সম্পর্কে অবগত করেছেন। এক্ষেত্রে তাঁর বক্তব্য, ফর্ম ৬ প্রতিবার কিছু বাকি থেকে যায়। কারণ মনোনয়নের শেষ সময়ে তা জমা পড়লে নিষ্পত্তি করার সুযোগ থাকে না ইআরও-দের। যদিও সেই সংখ্যাটা কখনই এত বেশি হয় না। তাই বর্তমান পরিস্থিতিতে কী হবে তা এই মুহূর্তে বলা কঠিন।
বাংলার ভোট ঘোষণা নিয়ে তাই সিইও-র সাফ যুক্তি, কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসে সবকিছু খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার এক্তিয়ার তাঁদেরই রয়েছে, রাজ্যের সিইও দফতরের নেই, এমনকী তাঁদের সঙ্গে কমিশনের শীর্ষ প্রতিনিধিরা আলোচনাও করেন না। তাই এই বিষয় কিছু জানার থাকলে কমিশনের ফুল বেঞ্চের কাছেই জানতে হবে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা SIR-এর কাজ করছেন, তাঁরা শেষ পর্যায়ের কিছু নথি খতিয়ে দেখছেন এবং তা দেখা শেষ হলে তবেই নিষ্পত্তি হবে সেই নথিগুলির। এখনও পর্যন্ত এই পর্যায়ে থাকা নামগুলিই হল 'অ্যাডজুডিকেটেড'।
বর্তমানে রাজ্যে ৫০৫ জন জুডিশিয়াল অফিসার এই বিশাল কর্মযজ্ঞ সামলাচ্ছেন। কিন্তু কাজের বিপুল চাপের কথা মাথায় রেখেই প্রতিবেশী দুই রাজ্য থেকে ১০০ জন করে মোট ২০০ জন অফিসারকে আনা হচ্ছে। কমিশনের লক্ষ্য, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই এই তালিকার জট যতটা সম্ভব কাটিয়ে ফেলা।
ভিন্ রাজ্য থেকে আসা এই অফিসারদের মূলত আটটি জেলায় মোতায়েন করা হবে। জেলাগুলি হল, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলি, বীরভূম এবং নদিয়া।