নিহত সুখেন মাহাতো, বয়স মাত্র ২৪। পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা এই যুবক পুণেতে কাজ করতেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে, ভাষা, পরিচয় এবং নিজের শিকড়ের কারণে এক তরুণকে টার্গেট করে হত্যা করা হয়েছে - যা অত্যন্ত উদ্বেগজনক।
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 12 February 2026 10:04
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের পুণেতে (Pune Incident) পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker Death) মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি এই ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড বলে সরাসরি ‘হেট ক্রাইম’ হিসেবে বলে অভিহিত করেছেন এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
নিহত সুখেন মাহাতো, বয়স মাত্র ২৪। পুরুলিয়ার (Purulia) বান্দোয়ানের বাসিন্দা এই যুবক পুণেতে কাজ করতেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে, ভাষা, পরিচয় এবং নিজের শিকড়ের কারণে এক তরুণকে টার্গেট করে হত্যা করা হয়েছে - যা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর মতে, বিদ্বেষ ও বিদেশভীতিকে উসকে দেওয়ার ফলেই নিরীহ মানুষ আক্রমণের শিকার হচ্ছেন।
মমতা লেখেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ডে তিনি বাকরুদ্ধ, ক্ষুব্ধ এবং মর্মাহত। তাঁর অভিযোগ, এমন এক সামাজিক আবহ তৈরি হয়েছে যেখানে ঘৃণাকে হাতিয়ার করা হচ্ছে এবং নিরপরাধ মানুষকে নিশানা বানানো হচ্ছে।
একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সুখেনের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। তাঁর কথায়, এই অকল্পনীয় শোকের সময়ে বাংলা তাঁদের পাশে রয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সবরকম প্রচেষ্টা করা হবে।

এই ঘটনার জেরে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও আন্তঃরাজ্য সামাজিক সম্প্রীতির প্রশ্ন আবারও সামনে চলে এসেছে। ভাষা বা আঞ্চলিক পরিচয়কে কেন্দ্র করে হিংসার অভিযোগ নতুন নয়, তবে এক তরুণ শ্রমিকের মৃত্যু সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিল।
রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের তরফে এখনও বিস্তারিত বিবৃতি না এলেও তদন্ত ও গ্রেফতারের দিকে নজর রয়েছে সকলের। সুখেন মাহাতোর মৃত্যুর পর শোকস্তব্ধ তাঁর পরিবার ও এলাকা - আর সেই শোকের সঙ্গেই জুড়ে গেল বৃহত্তর সামাজিক প্রশ্ন।
বিগত কয়েক মাস ধরে একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় সরব হয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। তাঁদের স্পষ্ট দাবি যে, শুধুমাত্র বাঙালি হওয়ায় বা বাংলায় কথা বলার জন্য তাঁদের টার্গেট করা হচ্ছে। সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল। সেই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে। এবার পুণের ঘটনা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।