ভোট প্রচারের সভা থেকে বিজেপিকে সরাসরি আক্রমণ। বিজেপির বিরুদ্ধে দাঙ্গা লাগানোর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 29 March 2026 13:35
দ্য ওয়াল ব্যুরো: পুরুলিয়া থেকে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরুলিয়ায় ভোট (West Bengal Assembly Election 2026) প্রচারের সভা থেকে বিজেপিকে সরাসরি আক্রমণ শাণিয়ে তাঁর প্রশ্ন, "আমাকে মারার চক্রান্ত করছেন নাকি?" পাশাপাশি, বিজেপির (BJP) বিরুদ্ধে দাঙ্গা লাগানোর অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তৃণমূল নয় আসলে বিজেপি-র বিরুদ্ধে চার্জশিট দিতে হবে। 'মানুষ মেরে ক্ষমতায় এসেছে বিজেপি', এমনটাই অভিযোগ করেন তিনি।
শনিবারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি নির্বাচন এলেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেজ বেঁধে ঘোরেন। এরপরেই রবিবারের সভা থেকে অমিত শাহকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। মানবাজারের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ বেশি ভয়ঙ্কর। তিনি সভা থেকে একটি সুযোগ চেয়েছেন। তাঁকে অপমানের বলা মানুষ নেবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, "আমি মৃত্যুর মুখ থেকে ফিরেছি অনেকবার। আমার উপর কী হয়েছে তোমরা জানো না? আগের নির্বাচনের সময় তোমরা আমায় পায়ে চোট দিয়েছ। তাও আমি পায়ে ব্যান্ডেজ নিয়ে ঘুরেছি মানুষের কাছে।" এরপরেই তাঁর সরাসরি প্রশ্ন, "আমায় মারার চক্রান্ত হচ্ছে? কিছু পরিকল্পনা করছ নাকি?" তিনি বলেন, "যারা পরিকল্পনা করে, তারা সবসময় কোনও সূত্র ছেড়ে যায়। ওনার কথা থেকেই প্রমাণ পাওয়া যায় উনি কিছু পরিকল্পনা করছেন।"
গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সতর্ক করে দেন, বিজেপি মানুষের খাবারের উপর নিষেধাজ্ঞা চাপায়। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যে মাছ-মাংস-ডিম খাওয়া যায় না। তার দাবি, মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বিজেপি একপক্ষে থাকে। শনিবারে বীরভূমে সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার পুনরাবৃত্তি করে তিনি বলেন, তৃণমূল মনে করে ধর্মের আরেক নাম কর্ম।
অমিত শাহের 'চার্জশিটে'র পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি মানুষ মেরে ক্ষমতায় এসেছে। সকলকে তিনি ভয়াবহ দাঙ্গার কথা মনে করিয়ে দিয়ে বলেন, "বিজেপি শাসিত রাজ্যগুলিতে সবথেকে বেশি আক্রমন হয়েছে আদিবাসি-মহিলাদের উপর। আমাদের ছেলে-মেয়েরা বাইরে গিয়ে বাংলায় কথা বললে তাঁদের উপর অত্যাচার করা হয়। তৃণমূল মানে মানুষকে নিয়ে চলা।"
সভা থেকে তিনি মনে করিয়ে দেন, রাজ্যে তৃণমূল সরকার মানুষকে বিনা পয়সায় রেশন, স্বাস্থ্যসাথীর সাহায্য করে। কিন্তু বিজেপির অভিযোগ, কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে চালু করেনি সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, পাকা দেওয়াল এবং স্মার্ট কার্ডের মত ছোট ছোট কারণে এই প্রকল্প থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ। কিন্তু, রাজ্য সরকার সকলকে সাহায্য করে। তিনি বলেন, সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে সরকারে তৃণমূলকে প্রয়োজন। বিজেপি নির্বাচনের আগে কিছু টাকা দিলেও পরবর্তিকালে এই সব প্রকল্প বন্ধ করে দেবে বলেও দাবি করেন তিনি।