মমতার দাবি, তাড়াহুড়ো করে এসআইআর চালাতে গিয়ে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে কাটা পড়েছে। এর জেরে ৭০–৮০ জনের মৃত্যু ও আতঙ্কে আত্মহত্যার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 6 January 2026 14:37
দ্য ওয়াল ব্যুরো: গঙ্গাসাগরের মাটিতেও নির্বাচন কমিশনকে আক্রমণের সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফের অভিযোগের তির ছুড়লেন তিনি। মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্য, “ভুলভাল করছে ইলেকশন কমিশন। বিজেপির আইটি সেলকে দিয়ে যা করানো হচ্ছে, সেটা বেআইনি। বয়স্কদের নিয়ে যাচ্ছে, নল পরিয়ে নিয়ে যাচ্ছে।”
এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) প্রক্রিয়ায় হেনস্থার অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে তোলপাড়। সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী জানান, মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে সরকার আইনি পথে লড়বে। তাঁর নির্দেশে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। আজ, মঙ্গলবারই এই মামলার জরুরি শুনানির আবেদন জানানো হবে বলেও দলীয় সূত্রের খবর। আলাদা করে শুনানি হবে, না কি মূল মামলার সঙ্গেই যুক্ত হবে— সে বিষয়ে আজই স্পষ্ট হতে পারে অবস্থান।
এর আগের দিনও মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজনে নাগরিক হিসেবেও শীর্ষ আদালতে কথা বলার অনুমতি চাইবেন। তাঁর বক্তব্য, “আমরা আইনের সাহায্য নিচ্ছি। এত মানুষকে যেভাবে হ্যারাস করা হয়েছে—প্রয়োজনে আমি নিজেও প্লিড করার পারমিশন চাইব।”
মমতার দাবি, তাড়াহুড়ো করে এসআইআর চালাতে গিয়ে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে কাটা পড়েছে। এর জেরে ৭০–৮০ জনের মৃত্যু ও আতঙ্কে আত্মহত্যার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর কঠোর সতর্কবার্তা, “এসআইআর হোক, কিন্তু হাতে সময় নিয়ে দু’ বছর ধরে হোক। মানুষের অধিকার ভ্যানিশ করলে—আপনারাও ভ্যানিশ হয়ে যাবেন।”
এদিন বাম আমলের প্রসঙ্গও টেনে মমতা জানান, গঙ্গাসাগর তীর্থ কর বামফ্রন্ট সরকারের আমলেই চালু ছিল, তাঁরাই সেই কর তুলে দিয়েছেন।