বিএসএফ ইতিমধ্যেই আন্তর্জাতিক সীমান্তে টহলদারি ও নজরদারি আরও জোরদার করেছে। অবৈধ অনুপ্রবেশ রুখতে সতর্ক করা হয়েছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 26 December 2025 16:20
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) সাম্প্রতিক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার প্রতিবাদে কড়া অবস্থান নিল সীমান্তবর্তী জেলা মালদহের হোটেল ব্যবসায়ীরা। হোটেল মালিক সমিতির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত কোনও বাংলাদেশি নাগরিককে (Bangladeshi guests) জেলার হোটেলগুলিতে থাকার সুযোগ দেওয়া হবে না (Maldah, Hotel Bans)। এই সিদ্ধান্তের জেরে দুই দেশের সম্পর্কের সমীকরণে নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে চিকিৎসা, পড়াশোনা বা পর্যটন-ভিসায় বহু মানুষ মালদহে আসেন। জেলার হোটেলগুলিই ছিল তাঁদের অস্থায়ী ঠিকানা। কিন্তু বর্তমান পরিস্থিতি বদলে দিয়েছে সেই চিত্র। মালদহ হোটেল মালিক সমিতির সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরীর বক্তব্য, বাংলাদেশে অশান্ত পরিবেশ, সংখ্যালঘুদের উপর হামলা এবং বিচার-প্রক্রিয়া স্থবির হয়ে থাকার কারণেই এই সিদ্ধান্ত। তাঁর কথায়, “নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত বহাল থাকবে।”
শুধু হোটেল ব্যবসায়ীরাই নন, সীমান্তেও জারি হয়েছে বাড়তি সতর্কতা। বিএসএফ ইতিমধ্যেই আন্তর্জাতিক সীমান্তে টহলদারি ও নজরদারি আরও জোরদার করেছে। অবৈধ অনুপ্রবেশ রুখতে সতর্ক করা হয়েছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও।
এই সিদ্ধান্তকে সমর্থন করেছে বিজেপির একাংশ। বিজেপি নেতা গৌড়চন্দ্র মণ্ডলের দাবি, “সীমান্ত পেরিয়ে আসা বিদেশিদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা বন্ধ হওয়াই যুক্তিযুক্ত। নিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না।” তবে অন্য পক্ষের মত ভিন্ন। তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুন্ডুর মন্তব্য, বিদেশি নাগরিক, ভিসা ও আন্তর্জাতিক সম্পর্ক সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের আওতায়। রাজ্যের পক্ষে সেই নীতির বাইরে যাওয়া সম্ভব নয়।
শুধু মালদহ নয়, উত্তরবঙ্গের অন্য প্রান্তেও সতর্কতা। শিলিগুড়ি হোটেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, গত বছর পরিস্থিতির কারণে সেখানে বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল থাকার ব্যবস্থা বন্ধ করা হয়েছিল। পরে মানবিক দিক বিবেচনা করে মেডিকেল ও স্টুডেন্ট ভিসাধারীদের ছাড় দেওয়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক মন্তব্যের প্রেক্ষিতে এবার মেডিকেল ভিসাতেও বাংলাদেশি নাগরিকদের থাকার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।