শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস কি ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে বাড়তি সুবিধা দেবে?
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 5 January 2026 12:31
দ্য ওয়াল ব্যুরো: তিন মাস আগে ঘোষণা করেছিলেন। এ বার দিনক্ষণও চূড়ান্ত। মকরসংক্রান্তির পরই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ১৬ জানুয়ারি শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি (Mahakal Temple , Matigara)। ইতিমধ্যেই প্রশাসনের তরফে শুরু হয়েছে প্রস্তুতি।
গত বছরের অক্টোবরে দার্জিলিঙে ধস ও প্রবল বর্ষণের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সফর থেকেই ফেরার পথে শিলিগুড়িতে মহাকাল মন্দির গড়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে গঠন করা হয় একটি ট্রাস্টি বোর্ডও। মন্ত্রিসভার অনুমোদন মেলে। এর পরেই জানুয়ারির শিলান্যাসের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
পর্যটন দফতরের তত্ত্বাবধানে মাটিগাড়ার প্রায় ৫৪ বিঘা জমিতে গড়ে উঠবে এই মহাকাল মন্দির। শুধু মন্দিরই নয়, পাশাপাশি নির্মিত হবে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র—এমনটাই আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট জমির একাংশে ইতিমধ্যেই শুরু হয়েছে মাটি ভরাটের কাজ। শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজে গিয়ে পরিদর্শন করেন এলাকা। তাঁর আশা, এই মন্দির আগামী দিনে দেশের অন্যতম বড় পর্যটন আকর্ষণ হয়ে উঠবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক অবকাঠামো সংক্রান্ত একাধিক প্রকল্পের মধ্যে এটি নতুন সংযোজন। ২০২৫ সালের ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন তিনি। বছরের শেষ লগ্নে নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন। তার পরেই জানুয়ারি মাসে শিলিগুড়ির শিলান্যাসের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন জল্পনা, শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস কি ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে বাড়তি সুবিধা দেবে? প্রশাসনিক প্রস্তুতি যেমন চলছে, তার পাশাপাশি এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে উত্তরবঙ্গের রাজনৈতিক অন্দরে।