হাটে বাজারে এখন লিচুর ছড়াছড়ি (Litchi )। টুকটুকে লাল লিচু দেখলে কার না জিভে জল আসে!
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 3 June 2025 13:31
দ্য ওয়াল ব্যুরো: হাটে বাজারে এখন লিচুর ছড়াছড়ি (Litchi )। টুকটুকে লাল লিচু দেখলে কার না জিভে জল আসে! কিন্তু যেটাকে গাছের পাকা লিচু ভেবে ব্যাগ ভর্তি করে বাড়ি নিয়ে যাচ্ছেন সেটা ভেজাল নয় তো? নিজের অজান্তে খাওয়া সেই ভেজাল শরীরে কী কী ক্ষতি করতে পারে? কীভাবেই বা বুঝবেন লাল টুকটুকে লিচুটি আসল নয়, রং করা?
সম্প্রতি লিচু কিনে বাড়ি নিয়ে যাওয়ার পরে অনেকেই দেখেছেন প্লাস্টিকের ভিতরে লাল রং লেগে রয়েছে। সন্দেহ হওয়ায় খোসা সমেত লিচু জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতেই বদলে গিয়েছে জলের রং। তারপরই সামনে এসেছে নকল লিচুর কাহিনী। চাষিরা বলছেন, ভাল লিচু শুধু টকটকে লাল হয় না। বরং লালে ও সবুজে মেশানো লিচুগুলিই বেশি সুস্বাদু।
কীভাবে রং মেশানো হয়?
চাষিরা বলছেন, লিচু পাকার পর গাছ থেকে পাড়লে দ্রুত বিক্রির তাড়া থাকে। না হলে নষ্ট হয়ে যেতে পারে। তাই অনেক বাগান মালিকই লিচু পাকার আগেই গাছে থাকা লিচুর গায়ে রং ছড়িয়ে দেন। এর ফলে লিচুর খোসার খাঁজে সেই রং ধরে নেয়। বাইরে থেকে টুকটুকে লাল দেখায়। ইদানিং এই রং করা লিচুই বাজারে ছেয়ে যাচ্ছে বলে অভিযোগ। যা থেকে মারাত্মক শারীরিক সমস্যা হতে পারে বলেও জানাচ্ছেন চিকিৎসরা।
রং মেশানো লিচু খেলে কী কী শারীরিক সমস্যা হতে পারে?
লিচুতে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাঙ্গানিজের মতো খনিজর পাশাপাশি অ্যান্টি অক্সিড্যান্টও থাকে। যা গরমের সময় শরীরে জন্য খুবই ভাল। কিন্তু রং করা লিচু খেলে হিতে বিপরীত হতে পারে। চিকিৎসকরা বলছেন, এর ফলে জ্বর, ঘন ঘন বমি, খিঁচুনি, মাথা যন্ত্রণা, মস্তিষ্কে ব্যথা, খাদ্যনালিতেও সংক্রমণ, এমনকী লিভারেও ক্ষতি হতে পারে।
কীভাবে বুঝবেন রং মেশানো লিচু কিনা?
বিশেষজ্ঞদের মতে, লিচু কেনার আগে লিচুর খোসার ওপর টিস্যু পেপার দিয়ে ঘষলেই সহজে বোঝা যাবে রং করা আছে কিনা। এছাড়া কেনার পর ঘরে নিয়ে গিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেও বোঝা যাবে আসল না ভেজাল।