মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে মিরিকের ধসপ্রবণ এলাকা পরিদর্শন করেন কিরেন রিজিজু। এদিন দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। এখান থেকে সড়কপথে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মিরিকের উদ্দেশ্যে রওনা দেন। তার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী ।

কিরেন রিজিজু
শেষ আপডেট: 7 October 2025 14:00
দ্য় ওয়াল ব্যুরো, দার্জিলিং: নাগরাকাটায় মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর আক্রমণের ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার। যদি রাজ্য সরকার সময়মতো রিপোর্ট না দেয় তাহলে আইনানুগ পদক্ষেপ করা হবে। মঙ্গলবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে মিরিকের ধসপ্রবণ এলাকা পরিদর্শন করেন কিরেন রিজিজু। এদিন দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। এখান থেকে সড়কপথে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মিরিকের উদ্দেশ্যে রওনা দেন। তার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেন রিজিজু বলেন, "সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণের ঘটনায় আমরা দ্রুত প্রতিক্রিয়া দিয়েছি। যেহেতু আমাদের সাংসদ এবং বিধায়কদের উপর আক্রমণ হয়েছে সেজন্য লোকসভার স্পিকার দ্রুত রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন। যদি রিপোর্ট পেতে দেরি হয় তাহলে তার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ করা হবে। নিয়ম মেনে পদক্ষেপ করা হবে। শুধু সাংসদ বিধায়কদের বিষয় নয়। প্রত্যেক নাগরিকের সুরক্ষা পাওয়া উচিত। ভারতের সিস্টেম আছে। আইন আছে, নিয়ম আছে। দাদাগিরি করে, গুন্ডাগিরি করে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে সেটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই রাজ্য সরকার গ্রাউন্ড জিরোর রিপোর্ট সময়মতো দিক, যাতে দ্রুত তদন্ত করা যায়।"
তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার ধস এবং বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসেছেন। হাল হকিকত খতিয়ে দেখে ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা শুনে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেবেন।