পুলিশের দাবি ছিল, প্রায় ৩৫ হাজার দর্শক মেসিকে দেখবেন বলে টিকিট কেটেছিলেন। ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। জামিন পেলে শতদ্রু প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে পারেন।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 19 January 2026 17:21
দ্য ওয়াল ব্যুরো: যুবভারতী কাণ্ডে (Yuba Bharati Leo Messi GOAT Tour Case) অভিযুক্ত শতদ্রু দত্তের (Shatadru Dutta) জামিনের আবেদন অবশেষে মঞ্জুর করল বিধাননগর আদালত। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষে তাঁকে ১০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন (Shatadru Dutta Bail) দেওয়া হয়েছে।
বিধাননগর দক্ষিণ থানায় ওই ঘটনা নিয়ে দু’টি পৃথক মামলা হয়েছিল। প্রথম মামলায় একমাত্র গ্রেফতার শতদ্রু (Shatadru Dutta Arrest)। দ্বিতীয় মামলায় ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে আরও কয়েক জনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের দাবি ছিল, প্রায় ৩৫ হাজার দর্শক মেসিকে দেখবেন বলে টিকিট কেটেছিলেন। ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। জামিন পেলে শতদ্রু প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে পারেন। এই যুক্তিতেই এতদিন জামিন পাচ্ছিলেন না শতদ্রু। তবে এদিন আদালতে তাঁর আইনজীবী দাবি করেন, মামলার এই পর্যায়ে অগ্রগতি কিছু নেই। তাই শতদ্রুকে হেফাজতে রাখারও দরকার থাকে না। আদালত তাঁর যুক্তিতে সায় দিয়েই জামিন মঞ্জুর করে।
লিয়োনেল মেসির সফর (Leo Messi GOAT Tour) ঘিরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খল পরিস্থিতির প্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর মেসির ভারত সফরের আয়োজক শতদ্রুকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ দুর্নীতির।
তবে শতদ্রু দত্তের আইনজীবী সৌম্যজিৎ রাহা সওয়াল করেন, এটি একটি সম্পূর্ণ পেশাদার সংস্থার আয়োজন করা অনুষ্ঠান ছিল। প্রশাসন ও সংশ্লিষ্ট সমস্ত দফতরের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করা হয়েছিল। তাঁর দাবি, সংস্থাটি আগেও দেশের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক মানের অনুষ্ঠান সফলভাবে করেছে এবং পেশাদারিত্ব প্রমাণ করেছে। তিনি আদালতকে জানান, ৭ নভেম্বরই বিধাননগর কর্তৃপক্ষের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পাওয়া গিয়েছিল।
ঘটনার পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আয়োজক সংস্থার তরফে কোনও নিয়মভঙ্গ করা হয়নি বলেও দাবি করা হয়।
এই ঘটনায় অরূপ বিশ্বাসের (Aroop Biswas) ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনুষ্ঠানের সময় তাঁকে মেসির খুব কাছাকাছি দেখা গিয়েছিল। অভিযোগ, প্রভাব খাটিয়ে আত্মীয় ও পরিচিতদের মাঠে ঢোকার সুযোগ করে দেন তিনি। চাপ বাড়তেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান অরূপ।
বর্তমানে সিট (SIT) খতিয়ে দেখছে - কীভাবে এতজন মাঠের ভেতরে ঢুকে পড়ল, কার নির্দেশে প্রবেশপত্র বাড়ানো হল, নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার দায়-ই বা কাদের?