আইনসভায় পশ্চিমবঙ্গের ভারতভুক্তির পক্ষে ভোটাভুটির দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে পালন করে বিজেপি।

গ্রাফিক্স: দ্য ওয়াল
শেষ আপডেট: 20 June 2025 15:48
দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরে ভারতের পতাকা নিয়ে বাইক চালিয়ে মিছিল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। পশ্চিমবঙ্গ দিবস পালন কর্মসূচি নিয়ে যখন তিনি নেতাজি ভবন যাচ্ছিলেন, তখনই উত্তেজনা তৈরি হয়। মাঝপথেই বাধা দেয় পুলিশ। যা নিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি।
পুলিশের বিরুদ্ধে রাজ্য সভাপতির বাইক আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। কলকাতা পুলিশের এহেন আচরণ নিয়ে সুকান্ত জানান, "বাংলায় আছি না বাংলাদেশে আছি বোঝা যাচ্ছে না। কলকাতা পুলিশ বাংলাদেশি পুলিশের মতো আচরণ করছে। আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না।"
আইনসভায় পশ্চিমবঙ্গের ভারতভুক্তির পক্ষে ভোটাভুটির দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে পালন করে বিজেপি। ২০২১ সালের পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতি বছর বিধানসভায় পরিষদীয় দলের তরফে দিনটি পালন করা হয়।
শুক্রবার বিধানসভাতেও দিনটি পালন করা হয়। প্রশ্নোত্তর পর্বের শেষে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপি বিধায়কেরা বিধানসভা থেকে মিছিল করে রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পর্যন্ত যান। সেখানে মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শুভেন্দু রাজ্য সরকারকে বিঁধে বলেন, "অবিভক্ত বাংলাকে পাকিস্তানে চেয়েছিলেন জিন্না। আর এখন রাজ্যে মুসলিম লিগ ২ সরকার চলছে।"
অন্যদিকে কুণাল ঘোষের বক্তব্য, "পশ্চিমবঙ্গ দিবস মানে পয়লা বৈশাখ। বিজেপির অতৃপ্ত আত্মা। ভাল কিছু দেখতে পারে না তাই এসব করছে। শিক্ষাবিদ, গবেষকরা পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস বলে স্বীকৃতি দিয়েছে।"