হোটেল, রেস্তোরাঁ, গেস্ট হাউস-সহ ভিড় জমার সম্ভাবনা রয়েছে এমন সমস্ত জায়গায় বাড়তি পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 20 December 2025 08:33
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে সতর্ক কলকাতা পুলিশ (Kolkata police)। শহরের সমস্ত সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হোটেল, রেস্তোরাঁ, গেস্ট হাউস-সহ ভিড় জমার সম্ভাবনা রয়েছে এমন সমস্ত জায়গায় বাড়তি পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার আলিপুর বডিগার্ড লাইনে কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কথা জানান পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Police Commissioner Manoj Verma)। তিনি বলেন, “২৫ ডিসেম্বর বড়দিন (Christmas) ও বর্ষবরণের রাত সামনে। সেই কারণে পার্ক স্ট্রিট-সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে।” দিনের পাশাপাশি রাতের টহলও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
সল্টলেকে সাম্প্রতিক ‘মেসি কাণ্ড’-এর প্রসঙ্গ টেনে কমিশনার জানান, ইডেনে আসন্ন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে যাতে কোনও রকম নিরাপত্তার ঘাটতি না থাকে, সে বিষয়ে আগাম প্রস্তুতি শুরু হয়েছে। সল্টলেক স্টেডিয়ামে যে সব নিরাপত্তাজনিত খামতি নজরে এসেছিল, সেগুলি মাথায় রেখেই এবার বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।
বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, সে দিকে কড়া নজর রেখেছে লালবাজার। কলকাতা পুলিশের সমস্ত ইউনিটকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে শহরজুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
এ দিন পুলিশ কমিশনার আরও বলেন, “কলকাতা পুলিশ শুধু অপরাধ দমনেই নয়, খেলাধুলাতেও সমান পারদর্শী।” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশের অংশগ্রহণ ও সাফল্যই তার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।