চাকরিহারারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে মাথা ঠান্ডা রাখতে পারেননি সব্যসাচী। বেসরকারি সংবাদমাধ্যমের সাংবাদিককে হুমকি থেকে শুরু করে মুখে আঘাত করেন তিনি। শুধু তাই নয়, স্পষ্ট করে এও বলেন, "তোমরা জোর দেখালে আমরাও জোর দেখাব, আমি আমার ক্ষমতা দেখাব।"

সব্যসাচী দত্ত
শেষ আপডেট: 15 May 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: এসএসসির (SSC) চাকরিহারাদের বিকাশ ভবন (Bikash Bhawan) ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বৃহস্পতিবার উত্তাল হলে করুণাময়ী চত্বর। বিক্ষোভকারীদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। বিকাশ ভবনের ভিতরে ঢুকতে বাধা পেয়ে লোহার বিশাল গেট ভেঙে ফেলেন 'যোগ্য' চাকরিহারারা। এমন সময় আচমকা ভিতরে ঢোকেন বিধাননগর পৌরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। চাকরিহারারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে মাথা ঠান্ডা রাখতে পারেননি সব্যসাচী। বেসরকারি সংবাদমাধ্যমের সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের হুমকি থেকে শুরু করে মারধর করেন তিনি। শুধু তাই নয়, স্পষ্ট করে এও বলেন, "তোমরা জোর দেখালে আমরাও জোর দেখাব, আমি আমার ক্ষমতা দেখাব।" চাকরিহারাদের উদ্দেশে বলেন, "আমার গাড়ির সামনে বসলেই চাকরি পাবে? এই বাধা সরাতে ৩০ সেকেন্ড লাগবে।"
এদিন চাকরিহারারা ঘিরে ধরেন সব্যসাচীকে। স্লোগান ওঠে ‘চাকরি চোর’। সব্যসাচীকে কোনওক্রমে গাড়ি পর্যন্ত পৌঁছন নিরাপত্তারক্ষীরা। সেসময়ে রীতিমতো গাড়ির সামনে শুয়ে পড়েন চাকরিহারারা।
সব্যসাচীকে ঘিরে ধরে যখন 'চোর চোর' স্লোগান তুলতে থাকেন তাঁরা, সেই মুহূর্তের ছবি ও খবর করছিলেন সাংবাদিকরা। প্রথমে নমনীয় থাকলেও পরিস্থিতি যত উত্তপ্ত হয়ে ওঠে, তত খাপ্পা হয়ে ওঠেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান। হঠাৎই করেই সব্যসাচীর অনুগামীরা চড়াও হন সাংবাদিকদের উপর। তাঁদের বুকে ধাক্কা মারা হয়।
স্বয়ং সব্যসাচীও এরপর আসরে নামেন। এক সাংবাদিকের গাল টিপে বলেন, "আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে, তো কেউ আর আদর করবে না।"
এরপর ওই সংবাদমাধ্যমের বাকি সাংবাদিকরা সব্যসাচীকে ধরে প্রশ্ন করলে ফাঁপরে পড়েন তিনি। বাধ্য হয়ে অন ক্যামেরা বলেন, "যা ঘটেছে উত্তেজনার বশে।" বেগতিক দেখে নিজের 'হুমকি' বক্তব্য ফিরিয়ে নেন তিনি। এমন ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, কী করে একজন জনপ্রতিনিধি অন ক্যামেরা সাংবাদিকদের আক্রমণ করতে পারেন! ক্ষমতার বলে কি যা ইচ্ছে তাই করতে পারেন ক্ষমতাধারীরা?