বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, “ভোটার তালিকার ইস্যুতে প্রথম প্রতিবাদ করেছিলাম আমরা। আমাদের দলের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। আমরাও আদালতে নিজেদের অবস্থান জানাচ্ছি। এসআইআর মানে এনআরসি।”
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 14 August 2025 21:30
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (SIR) নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ার আড়ালে কার্যত এনআরসি (NRC) চালু করার চেষ্টা হচ্ছে। প্রশ্ন তুললেন— “পঞ্চাশ বছর আগে জন্মানো মানুষের জন্মশংসাপত্র কোথা থেকে আসবে?”
বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, “ভোটার তালিকার ইস্যুতে প্রথম প্রতিবাদ করেছিলাম আমরা। আমাদের দলের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। আমরাও আদালতে নিজেদের অবস্থান জানাচ্ছি। এসআইআর মানে এনআরসি।”
মুখ্যমন্ত্রীর দাবি, ভোটার তালিকা সংশোধনের জন্য যে সব নথি চাওয়া হচ্ছে, তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য নয়। তাঁর প্রশ্ন, “ক’জনের কাছে প্যান কার্ড বা পাসপোর্ট আছে? ১৯৮২ সালে যাঁরা জন্মেছেন, তাঁদের অধিকাংশেরই জন্ম বাড়িতে— তখন কি হাসপাতালে ডেলিভারি হত? আমারও তো জন্মশংসাপত্র নেই।” কমিশন কেন আধার কার্ডকে প্রমাণপত্র হিসেবে গ্রহণ করছে না, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বস্তুত, বিহারের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম মুছে যাওয়া মানুষের জন্য বড় স্বস্তির বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে— যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা আপত্তি জানাতে আধার কার্ড (Aadhar Card) জমা দিতে পারবেন। এদিন মমতা সেই প্রসঙ্গে এদিন বলেন, বিহারে খানিকটা ছাড় দিয়েছে শীর্ষ আদালত। বাংলার ক্ষেত্রেও ব্যাপারটা বিবেচনা করা হবে নিশ্চয়ই।