স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র... একাধিক জায়গায় বাংলা এবং বাঙালির কী অবদান রয়েছে তা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 14 August 2025 13:15
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের 'কন্যাশ্রী' প্রকল্পের (Kanyashree Scheme) ১২ বছর পূর্ণ হয়েছে আজ। সেই উপলক্ষে ধনধান্য সভাঘরে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি তিনি জাতীয় এবং বিশ্বস্তরে পশ্চিমবঙ্গ এবং বাংলা ভাষার মাহাত্ম্য কী, তাও ব্যাখ্যা করেন। স্বাভাবিকভাবেই তাঁর কথায় উঠে আসে ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রসঙ্গ।
স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র... একাধিক জায়গায় বাংলা এবং বাঙালির কী অবদান রয়েছে তা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম। মমতার বার্তা, ''সব ভাষা শেখা উচিত, সব ভাষাকে সম্মান করা উচিত। কিন্তু নিজের মাতৃভাষাকে কখনও উপেক্ষা-অবজ্ঞা করবেন না।''
এরপরই কার্যত বাঙালি হেনস্থা ইস্যুতে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ''দেশভাগের প্রভাব আমাদের ওপরও পড়েছে এটা ঠিক। তবে যারা এক কাপড়ে সব কিছু ফেলে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তাঁরা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স তাঁদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। যদি ভারত সরকার এমনটা মনে করে, এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা যারা বাংলায় কথা বলছে তাঁদের হেনস্থা করা হচ্ছে।'' এক্ষেত্রে মমতার প্রশ্ন, 'আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা আমার ভাষাকে সম্মান করবেন না কেন?'
এদিকে কন্যাশ্রীর সাফল্য উল্লেখ করে মমতা জানিয়েছেন, এতদিনে রাজ্যের ৯৩ লক্ষের বেশি ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের আওতায় এসেছে এবং তাঁদের হাতে পৌঁছে গেছে প্রায় সাড়ে সতেরো হাজার কোটি টাকা। শুধু তাই নয়, এই প্রকল্প চালুর পর স্কুলগুলিতে ড্রপ-আউটের সংখ্যাও কমেছে বলে দাবি তাঁর।
এদিনই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি এও লেখেন, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এত কম সময়ে এত বড় প্রভাব আর কোনও সরকারি প্রকল্প ফেলতে পারেনি। পাশাপাশি এও মনে করিয়ে দিয়েছেন, ইউনেস্কো এই প্রকল্পকে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি দিয়েছে - ৬২টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান পেয়ে কন্যাশ্রী জিতেছে ইউনাইটেড নেশনস পুরস্কার।