পর্নকাণ্ড এবং তরুণী নির্যাতনের ঘটনায় পলাতক ছিলেন ডোমজুড়ের বাসিন্দা শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান।

শ্বেতা খান এবং আরিয়ান খান
শেষ আপডেট: 11 June 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো: পর্নকাণ্ড এবং তরুণী নির্যাতনের ঘটনায় (Woman Assault) পলাতক ছিলেন ডোমজুড়ের বাসিন্দা শ্বেতা খান (Sweta Khan) এবং তার ছেলে আরিয়ান (Aryan Khan)। বুধবার এক সহযোগী সহ অবশেষে গ্রেফতার (Arrest) করা হল অভিযুক্ত তরুণকে। যদিও শ্বেতার খোঁজ চলছে এখনও।
এই দুজনের বিরুদ্ধে চাকরির নামে টোপ দিয়ে সেক্স ব়্যাকেট চালানোর অভিযোগ রয়েছে। তদন্তকারীরা মনে করেছিলেন শ্বেতা হয়তো ছেলেকে নিয়ে বিদেশে পালিয়েছেন। কিন্তু বুধবার সকালে টালিগঞ্জের গলফ গ্রিন এলাকা থেকে আরিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে জয়া নামের এক মহিলাকেও।
পুলিশ সূত্রে খবর, মা এবং ছেলে মিলে একটি ভুয়ো ইভেন্ট সংস্থা চালাতেন। সেখানেই চাকরি দেওয়ার নামে ফাঁসানো হত তরুণীদের। সোদপুরের এক তরুণীকে বাড়িতে আটকে রেখে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে শ্বেতা এবং আরিয়ানের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারই তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে। এই ঘটনার পরই পালিয়ে গেছিলেন মা-ছেলে। তবে শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল আরিয়ান। এখন মায়ের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।
এদিকে ইতিমধ্যে শ্বেতার মাকে আটক করেছে পুলিশ। সন্ধান মিলেছে তার বছরের মেয়েরও। শ্বেতার মাকে জিজ্ঞাসাবাদ করে মেয়ের সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ। অনুমান, তিনি জানেন যে শ্বেতা কোথায় গেছেন। এবার ছেলে আরিয়ানকেই জেরা করে মায়ের ব্যাপারে জানতে চাইবে পুলিশ। অনুমান করা হচ্ছে, আরও কিছু কুকীর্তি ফাঁস হতে পারে তাদের।
তদন্তকারীরা জানতে পেরেছেন, শ্বেতা ও আরিয়ান খান বছরে একাধিকবার বিদেশে যেতেন। শ্বেতা মাঝেমধ্যে ব্যাঙ্ককেও যেতেন। ব্যাঙ্ককে শ্বেতার কী যোগাযোগ, সেটা জানতে চাইছেন তদন্তকারীরা। কাদের সঙ্গে শ্বেতা ব্যাঙ্ককে যেতেন, কেন যেতেন, এই সবটাই তদন্তকারীদের আতশ কাচের নীচে। এখনও পর্যন্ত তাঁর খোঁজ না মেলায় পুলিশ মনে করছে, ছেলে আরিয়ানকে কলকাতায় রেখেই বিদেশে চলে গেছেন শ্বেতা।