আরিয়ানের কথা সবাই জানে। কিন্তু এটা অনেকেই জানেন না যে, শ্বেতার একটি মেয়েও ছিল। সে মারা গেছে।

শ্বেতা খান
শেষ আপডেট: 9 June 2025 20:22
দ্য ওয়াল ব্যুরো: সোদপুরের তরুণী নিগ্রহের ঘটনায় (Sodepur Case) পলাতক হাওড়ার ডোমজুরের বাসিন্দা শ্বেতা খান (Sweta Khan) এবং তার ছেলে আরিয়ান। তাদের বিরুদ্ধে পর্ন ভিডিও (Porn Video) বানানো থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে একাধিক মহিলাদের দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগ উঠেছে। তবে তালিকা এখানেই শেষ নয়। শ্বেতার বিরুদ্ধে এবার বড় অভিযোগ করলেন তারই প্রাক্তন স্বামী।
আরিয়ানের কথা সবাই জানে। কিন্তু এটা অনেকেই জানেন না যে, শ্বেতার একটি মেয়েও ছিল। সে মারা গেছে। শ্বেতার প্রাক্তন স্বামী মোহাম্মদ সৈয়দ মোরসেলিমের দাবি, তার জন্যই তাদের মেয়ে অকালে চলে গেছে। আর এখন ছেলেও ভুল পথে চালিত হচ্ছে। এক কথায়, সব কিছুর জন্য তিনি শ্বেতাকেই দায়ী করেছেন। তিনি এও বলেন, শুধুমাত্র সম্পত্তির লোভে শ্বেতা তাকে বিয়ে করেছিলেন। কিন্তু পরবর্তীকালে শ্বেতার উচ্চাকাঙ্খা বা স্বেচ্ছাচারিতা বাড়তে থাকে। সে জন্যই তিনি তাকে ডিভোর্স দিয়েছিলেন বলে জানান সৈয়দ।
হাওড়ার (Howrah) মঙ্গলাহাট এবং কলকাতার মেটিয়াবুরুজে ব্যবসা রয়েছে সৈয়দের। ২০০২ সালে শ্বেতার সঙ্গে তার বিয়ে হয়। সৈয়দের কথায়, বিয়ের পর কিছুদিন ঠিক ছিল। তারপর থেকে হঠাৎ শ্বেতার রূপ বদলে যায়। তাকে মারধর করা শুরু করে, বাইরের ছেলেদের বাড়িতে নিয়ে এসে ফুর্তিও করত সে! শুধু তাই নয়, বাড়ির দলিল নিয়ে গিয়ে নিজের নামে সম্পত্তিও লিখিয়ে নিয়েছিল শ্বেতা বলে অভিযোগ সৈয়দের। আক্ষেপের সুরে তিনি এও বলেন, আগেই শ্বেতার মনোভাব বুঝতে পারলে তিনি তাকে বিয়ে করতেন না। তার কারণেই মেয়ে আত্মহত্যা করেছিল। গোটা পরিবারই শ্বেতার জন্য শেষ হয়ে গেছে, বলছেন ওই ব্যবসায়ী।
স্থানীয়দের একাংশের দাবি, ফকিরপাড়া এলাকায় প্রাক্তন স্বামীর রেখে যাওয়া বিপুল সম্পত্তির অধিকার এখন শ্বেতার হাতেই। এলাকায় তাঁর একটি বড় বাড়ি রয়েছে, যেখানে ভাড়াটে রেখেছেন তিনি। পাশাপাশি ছিল, হাওড়ার বাঁকড়ার বাড়ি। এখানেই ছেলের সঙ্গে থাকতেন শ্বেতা।
প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, শ্বেতা খান ও আরিয়ান খান বছরে একাধিকবার বিদেশে যান। শ্বেতা মাঝেমধ্যে ব্যাঙ্ককে যেতেন। ব্যাঙ্ককে শ্বেতার কী যোগাযোগ, সেটা জানতে চাইছেন তদন্তকারীরা। কাদের সঙ্গে শ্বেতা ব্যাঙ্ককে যেতেন, কেন যেতেন, এই সবটাই তদন্তকারীদের আতশ কাচের নীচে। এখনও পর্যন্ত তাঁদের খোঁজ না মেলায় পুলিশ মনে করছে, ছেলে আরিয়ানকে নিয়ে বিদেশে চলে গিয়েছেন শ্বেতা। বিশেষ টিম তৈরি করে চলছে তল্লাশি।