আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 June 2025 17:11
দ্য ওয়াল ব্যুরো: বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বর্ষা (Rainy Season) এখনও দূরে। উত্তরবঙ্গে লাগাতার বর্ষণের দেখা মিললেও দক্ষিণ যেন ব্রাত্য! অধিকাংশ জেলাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া (Weather Update) বজায় থাকবে। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে দাবদাহ বেশি অনুভূত হবে। এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দমবন্ধ পরিস্থিতি থাকবে। তবে সপ্তাহের মাঝামাঝি খানিকটা স্বস্তি দিতে পারে ঝড়-বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় বিশেষত ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকবে। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হতে পারে মাঝারি বৃষ্টি এবং ঝড়। তবে তার মাত্রা বেশি হবে না।
উত্তরবঙ্গের আবহাওয়াতেও বড় পরিবর্তন আসছে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও আলিপুরদুয়ারে। এছাড়া ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। মালদহ ও দুই দিনাজপুর জেলায় আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টি কম থাকায় তাপমাত্রা বাড়বে। তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলে গরম কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে আলিপুর।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে একটি জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হলেও এখনই দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না। দেশে কার্যত বর্ষার ‘ব্রেক ফেজ’ চলছে। তবে দক্ষিণবঙ্গবাসীকে স্বস্তি দিয়ে হাওয়া অফিস এটুকু জানিয়েছে, বর্ষা ঢুকতে পারে জুনের তৃতীয় সপ্তাহ নাগাদ।