কর্তব্যে গাফিলতির অভিযোগে কলকাতা পুলিশের দুই ডেপুটি কমিশনারকে (ডিসি) শোকজ করা হয়েছে।

অমিত শাহ ও শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 3 April 2026 19:23
দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari Nomination) মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় কড়া লালবাজার (Kolkata Police)। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে কীভাবে মুখ্যমন্ত্রীর পাড়ায় ঝামেলা হল, সেই প্রশ্ন তুলে এবার বিভাগীয় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে কলকাতা পুলিশের দুই ডেপুটি কমিশনারকে (ডিসি) শোকজ করা হয়েছে।
সূত্রের খবর, শোকজ করা হয়েছে ডিসি ২ (দক্ষিণ) সিদ্ধার্থ দত্ত এবং ডিসি ২ (রিজার্ভ ফোর্স) মানস রায়কে। বুধবার ওই এলাকায় নিরাপত্তার মূল দায়িত্বে ছিলেন এই দুই দুঁদে আধিকারিক। লালবাজারের তরফে জানতে চাওয়া হয়েছে, কেন আগে থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি এবং পুলিশের অনুমতি ছাড়াই সেখানে এত বড় জমায়েত করতে দেওয়া হল?
বুধবার দুপুরে হাজরা মোড় থেকে শুভেন্দুর সমর্থনে রোড শো শুরু করেন অমিত শাহ। মিছিলটি যখন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খুব কাছ দিয়ে যাচ্ছিল, তখনই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। তৃণমূলের একাংশ মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে চলে ধস্তাধস্তি।
এই ঘটনায় বৃহস্পতিবারই রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এমনকি কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দাকেও নজিরবিহীনভাবে ভর্ৎসনা করেন তিনি। বলেন, “আইপিএস হয়েও কলকাতা সামলাতে পারছেন না? আপনাকে কি নতুন করে প্রশিক্ষণ দিতে হবে?” এর পরেই নড়েচড়ে বসে লালবাজার।
ইতিমধ্যেই এই গোলমালের ঘটনায় কালীঘাট ও আলিপুর থানায় তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বেআইনি জমায়েত, শান্তিভঙ্গ এবং সরকারি নির্দেশিকা বা ১৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়েই পদক্ষেপ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, বিজেপির কর্মসূচির জন্য আগাম অনুমতি থাকলেও তৃণমূলের জমায়েতের কোনও অনুমতি ছিল না। তবুও কী ভাবে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়াল, দায়িত্বরত দুই ডিসি-র কাছে তারই কৈফিয়ত তলব করা হয়েছে।