বেগতিক দেখে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), রাজ্যের প্রশাসনিক প্রধান মাঝরাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে পালিয়েছেন। ভেবেছিল মেসিকে দিয়ে 'খেলা হবে' করবেন। উল্টো খেলা হয়ে গেছে: শুভেন্দু

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 14 December 2025 15:18
দ্য ওয়াল ব্যুরো: মেসির কলকাতা সফর (Messi in Kolkata) স্মরণীয় ঘটনা হয়ে থেকে যাওয়ার কথা ছিল। শনিবারের বারবেলায় তা থেকেছে বটে, কিন্তু কলঙ্কিত হয়ে। যুবভারতীতে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা তুলে ধরেছে গার্ডিয়ান এবং বিবিসির মতো প্রথম শ্রেণির আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ওই প্রতিবেদনে যুবভারতী (Yuba Bharati) ক্রীড়াঙ্গনের ভাঙচুর এবং ক্ষুব্ধ দর্শকদের আচরণের ছবি ও বিবরণ প্রকাশ করা হয়েছে।
এই আন্তর্জাতিক প্রচারকে সামনে রেখে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, 'বিশ্ব দরবারে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এর সম্পূর্ণ দায় রাজ্য সরকারের'।
আয়োজকদের টিম, নিরাপত্তা রক্ষী, গোট টিমের পি-আর টিম এবং আরও কিছু লোকজন যেভাবে লিওর সঙ্গে জোঁকের মতো লেগেছিলেন, তাতে ফুটবল তারকার টিকিটিও দেখতে পাননি যুবভারতীর (Yuba Bharati) দর্শকরা। রাগে গজগজ করছে বঙ্গবাসীও (Messi Kolkata)। আর সেই সমস্ত রাগের বহিঃপ্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ রাখঢাক না রেখে আয়োজক, প্রশাসনকে দুষছেন, আবার কেউ কেউ রগড় করে লেখা-ছবি পোস্ট করছেন। কলকাতাবাসী আরও চটেছে বিশিষ্টদের জগঝম্প নিয়ে।
রোববার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু বলেছেন, "ভোটের কয়াক মাস আগে ফুটবল আবেগকে অপব্যবহারের চেষ্টা করা হয়েছে। সেই ফাঁদে পড়ে কাড়ি কাড়ি টাকা দিয়ে টিকিট কেটে আশাহত হয়েছেন সাধারণ মানুষ। একজন আন্তর্জাতিক তারকাকে রাজ্যের সম্পত্তি ভেবেছিল তৃণমূল। কিন্তু বেগতিক দেখে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), রাজ্যের প্রশাসনিক প্রধান মাঝরাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে পালিয়েছেন। ভেবেছিল মেসিকে দিয়ে 'খেলা হবে' করবেন। উল্টো খেলা হয়ে গেছে।
মেসির ভারত সফরের মূল আয়োজক শতদ্রু দত্ত, যাঁকে এই বিশৃঙ্খলার জন্য দায়ী করে ১৪ দিনের পুলিশি হেফাজত দিয়েছে, তাঁর এফআইআর নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। বলেন, "এই শতদ্রুর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, তাতে ফাঁকফোকর আছে। শুধু তিনিই নন, অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেফতারি চাই। নিরপেক্ষ তদন্ত চাই। মুখ্যমন্ত্রী যে কমিটি গঠন করে দিয়েছেন, তা মানি না।"
বিরোধী দলনেতা জানিয়েছেন, যে অব্যবস্থা কাল যুবভারতীতে হয়েছে, তার প্রতিবাদে এদিন দুপুর ২টোয় এসপ্ল্যানেডে বিজেপি যুব মোর্চা বিক্ষোভ দেখাবে।
শনিবার মেসিকে একঝলক দেখার আশায় যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হয়েছিলেন হাজার হাজার সমর্থক। কিন্তু বাস্তবে তাঁদের অধিকাংশেরই প্রিয় ফুটবলারকে সামনে থেকে দেখার সুযোগ হয়নি। গ্যালারিতে বসে জায়ান্ট স্ক্রিনেই মেসিকে দেখতে হয়েছে বলে অভিযোগ অনেকের। আর সেই হতাশা থেকেই স্টেডিয়াম থেকে টব, কার্পেট এমনকি গ্যালারির সিট পর্যন্ত নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।