যুবভারতীতে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে রাজ্য সরকারকে (State Government) তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দু অধিকারী ও মেসি
শেষ আপডেট: 13 December 2025 18:28
দ্য ওয়াল ব্যুরো: যুবভারতীতে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে রাজ্য সরকারকে (State Government) তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তিনি রাজ্যের ক্রীড়া দফতর, মন্ত্রী, শাসক দলের বিধায়ক এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
শুভেন্দুর অভিযোগ, শনিবার যুবভারতীতে আয়োজিত ইভেন্টে লিওনেল মেসির (Lionel Messi) এক ঝলক দেখার আশায় হাজার হাজার ফুটবলপ্রেমী মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটেছিলেন (Messi News)। কিন্তু মাঠে ঢুকে তাঁদের অভিজ্ঞতা ছিল “চরম অপমানজনক”। তিনি দাবি করেন, দর্শকদের গাদাগাদি করে ঢোকানো হয়, মাঠের ভিউ কার্যত বন্ধ হয়ে যায় মন্ত্রীদের অনুচর, শাসক দলের নেতা-কর্মী, তাঁদের পরিবার ও ঘনিষ্ঠদের ভিড়ে। গোটা মাঠটিকে একপ্রকার ‘ভিআইপি দরবারে’ পরিণত করা হয় বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা (Messi In Kolkata)।
শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই ভাঙচুর বা বিশৃঙ্খলা কোনও দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত আইনহীনতা। তাঁর অভিযোগের তির রাজ্যের ক্রীড়া দফতর, রাজ্য সরকারের মন্ত্রী, শাসক দলের বিধায়ক ও নেতাদের পাশাপাশি পুলিশের দিকেও। তাঁর দাবি, পুলিশের একাংশ এই গোটা ঘটনার ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা নিয়েছে।
এমনকী মুখ্যমন্ত্রীর ঘোষিত তদন্ত কমিটিকেও ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, ওই কমিটিতে এমন আমলারা রয়েছেন, যাঁরা নিজেরাই এই ঘটনার তদন্তের আওতায় পড়তে পারেন, এমনকী মুখ্যসচিবও। ফলে এই তদন্তের উদ্দেশ্য গোটা বিষয়টি ধামাচাপা দেওয়া বলেই তিনি মনে করেন।
এই পরিস্থিতিতে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আর্জি জানিয়েছেন, যাতে এই ঘটনার নিরপেক্ষ ও প্রকৃত তদন্ত হয়। শুভেন্দুর প্রস্তাব, কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) কোনও বর্তমান বিচারপতির নেতৃত্বে, রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে একটি তদন্ত হওয়া উচিত। তবেই সাধারণ মানুষের আস্থা ফিরবে বলে দাবি তাঁর।
পোস্টের শেষাংশে শুভেন্দু অধিকারী লেখেন, এই ‘জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বাংলা ভুলবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তার জবাব দিতেই হবে।