নির্দেশ ছিল, বিকাশ ভবনের সামনে থেকে সরে যেতে হবে চাকরিহারাদের। পরিবর্তে তাঁরা সেন্ট্রাল পার্ক সংলগ্ন সুইমিং পুলের কাছে ফুটপাতে অবস্থানে বসতে পারেন।

জিনিসপত্র নিয়ে সরে যাচ্ছেন চাকরিহারারা - নিজস্ব ছবি
শেষ আপডেট: 30 May 2025 16:41
দ্য ওয়াল ব্যুরো: বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে বিক্ষোভে বসেছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকরা (Jobless Teachers)। বিগত কয়েক দিন ধরে সেই জায়গাতেই তাঁদের অবস্থান চলছিল। এই বিক্ষোভে পুলিশি লাঠিচার্জের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্যে। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই সংক্রান্ত মামলায় পুলিশকে সংযত হওয়ার বার্তা দেওয়া হয়েছিল এবং চাকরিহারাদের আন্দোলনের জায়গা বদল করার নির্দেশ এসেছিল। তা মেনেই শুক্রবার অবস্থানের জায়গা পরিবর্তন করলেন চাকরিহারারা।
কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, বিকাশ ভবনের সামনে থেকে সরে যেতে হবে চাকরিহারাদের। পরিবর্তে তাঁরা সেন্ট্রাল পার্ক সংলগ্ন সুইমিং পুলের (Central Park Swimming Pool) কাছে ফুটপাতে অবস্থানে বসতে পারেন। তবে ২০০-র বেশিজন জমায়েত করতে পারবেন না। রাজ্যের উচ্চ আদালতের সেই নির্দেশ মেনেই এদিন বিকাশ ভবন চত্বর থেকে সরে গেলেন চাকরিহারারা। আদালতের এও নির্দেশ ছিল, তাঁদের জন্য পরিকাঠামোর ব্যবস্থা করবে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে সুইমিং পুল অঞ্চলে ত্রিপল দিয়ে আন্দোলন মঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে প্রতিবাদীদের জন্য।
শুক্রবার 'অর্ধনগ্ন' প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন 'যোগ্য' চাকরিহারারা। তবে সকাল থেকে শিয়ালদহ, ধর্মতলা এবং বিকাশ ভবন চত্বর থেকে ১০০-র বেশি শিক্ষক-শিক্ষিকাকে আটক করে পুলিশ। নির্ধারিত কর্মসূচি শুরুর আগেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়। আন্দোলনকারীদের কার্যত চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারারা। তবে বিক্ষোভ যে তাঁরা থামাবেন না সেটাও স্পষ্ট করে দিয়েছেন।
অবস্থান-বিক্ষোভের স্থান বদল হলেও মনোবল যে কমে যাবে এমনটা নয়, এমনই বার্তা চাকরিহারাদের। তবে সেন্ট্রাল পার্কে যে জায়গায় ব্যবস্থা করা হয়েছে তাঁদের জন্য তা নিয়ে প্রতিবাদীরা খুশি নন। চাকরিহারাদের বক্তব্য, জায়গাটি খুবই অস্বাস্থ্যকর এবং থাকার অযোগ্য। কিন্তু তাঁরা দমে যাচ্ছেন না, এইভাবেই প্রতিবাদ করে যাবেন। কেউ কেউ বলছেন, রাজ্য সরকার যে নগ্নতা দেখিয়েছে তাতে প্রশাসনের কাছ থেকে এমন কাজই আশা করা যায়।