টেনেহিঁচড়ে কার্যত চ্যাংদোলা করে প্রতিবাদীদের প্রিজন ভ্যানে তোলা হয়। পুলিশের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা।

ফাইল ছবি
শেষ আপডেট: 30 May 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে শিয়ালদহ, ধর্মতলায় যে ছবি দেখা গেছিল তারই পুনরাবৃত্তি ঘটল সেন্ট্রাল পার্কে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে। বিক্ষোভরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের (Jobless Teachers) সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের (Kolkata Police)। টেনেহিঁচড়ে কার্যত চ্যাংদোলা করে প্রতিবাদীদের প্রিজন ভ্যানে তোলা হয়। পুলিশের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা।
ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে চাকরিহারারা বিগত কয়েক সপ্তাহ ধরেই আন্দোলন করছেন। শুক্রবার তাঁরা 'অর্ধনগ্ন' মিছিলের (Half Naked rally) কর্মসূচি নিয়েছিলেন। তবে দেখা যায়, সেই মিছিল ঠিক মতো শুরু হওয়ার আগেই শহরের নানা প্রান্ত থেকে প্রতিবাদী চাকরিহারাদের আটক করা হয়। ধর্মতলা থেকে শুরু করে শিয়ালদহ স্টেশন, সব জায়গা রীতিমতো তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ চাকরিহারাদের আটক করে। বেলা গড়াতে বিকাশ ভবন চত্বরেও ধরা পড়ল একই ছবি।
শুক্রবার দুপুরে বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যে আন্দোলনকারীরা 'অর্ধনগ্ন' প্রতিবাদ শুরু করছিলেন তাঁদের একে একে আটক করা হয়। চাকরিহারাদের সঙ্গে পুলিশের কার্যত বচসা, ধস্তাধস্তি হয়। প্রতিবাদীদের দাবি, তাঁরা কোনও রকম অশান্তি করেননি। শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। কিন্তু পুলিশ অনৈতিকভাবে তাঁদের ওপর অত্যাচার করেছে। আবারও লাঠিচার্জ করা হয়েছে। মহিলাদেরও মারতে বাদ রাখেনি পুলিশ।
চাকরিহারাদের এই আন্দোলন নিয়ে অবশ্য পুলিশের বক্তব্য, তাঁরা শালীনতা বজায় রাখছেন না। বিকাশ ভবন চত্বর একটি পাবলিক প্লেস। তাই সেখানে এই ধরনের 'অর্ধনগ্ন' প্রতিবাদ করা যাবে না। ডিসি বিধাননগর পুলিশ সংবাদমাধ্যমে জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে যদি কোনও প্রতিবাদ কর্মসূচি হয় তাহলে তাঁদের কোনও আপত্তি নেই। কিন্তু চাকরিহারারা তা করছেন না। শালীনতা বজায় রাখছেন না। তাই এই ধরনের কোনও প্রতিবাদ কর্মসূচি বরদাস্ত করা হবে না।
যদিও চাকরিহারারা সাফ জানান, তাঁদের তরফে কোনও অশালীন কাজ করা হয়নি। বরং পুলিশ অকারণে তাঁদের ওপর অত্যাচার করেছে। বিনা প্ররোচনায় তাঁদের অনেককে আটক করেছে, টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, রাজ্য সরকারের (WB Government) দুর্নীতি, স্কুল সার্ভিস কমিশন (SSC), পর্ষদের দুর্নীতি রাজ্যের শিক্ষাব্যবস্থা তথা 'যোগ্য' শিক্ষকদের নগ্ন করে দিয়েছে। আর তারই প্রতিবাদে শুক্রবার শিয়ালদহ থেকে নবান্ন 'অর্ধনগ্ন মিছিল' করার ডাক দিয়েছিলেন চাকরিহারারা (SSC Job Deprived Teachers)। কিন্তু সেই মিছিল শুরু হওয়ার আগেই ধরপাকড় শুরু হয় পুলিশের। শেষ পাওয়া খবর অনুযায়ী, শিয়ালদহ এবং ধর্মতলা থেকে ১০০-র বেশি চাকরিহারা শিক্ষকদের আটক করা হয়েছে।