বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ।

অনুব্রত মণ্ডল।
শেষ আপডেট: 30 May 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: থানার অফিসারকে ফোনে কদর্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে তীব্র শোরগোলের পর তৃণমূলের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নোটিস (Notice) পাঠাল পুলিশ। আগামীকাল শনিবার বোলপুর থানায় (Bolpur Police Station) কেষ্ট মণ্ডলকে হাজিরা দিতে বলা হয়েছে।
ইতিমধ্যে এ ঘটনায় অনুব্রতর বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২২৪, ১৩২, ৩৫১ ও ৭৫ ধারায় মামলাও দায়ের করেছে পুলিশ। এবার পাঠানো হল নোটিসও।
অনুব্রতর ভাইরাল অডিও ঘিরে শোরগোল তৈরি হওয়ার পরই বীরভূম তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির গ্রেফতারের দাবিতে সুর চড়িয়েছে পদ্ম শিবির। এদিন দুুপুরে এসপি অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "যেভাবে একজন পুলিশ অফিসারকে অপমান করা হয়েছে, তাতে ক্ষমা চাওয়ার ন্যাকামি নয়, অনুব্রতকে গ্রেফতার করতে হবে।"
যদিও অডিও ভাইরাল হওয়ার ঘটনায় দলের কড়া নির্দেশের পর এ ব্যাপারে দলকে চিঠি লিখে ক্ষমা চাওয়ার কথা জানানোর পাশাপাশি সাংবাদিক বৈঠক থেকেও এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেষ্ট। তিনি ক্ষমা চেয়ে নেওয়ায় পুলিশ আদৌ কড়া পদক্ষেপ করবে কিনা তা নিয়েও বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে।
সূত্রের খবর, বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করার ঘটনায় পুলিশের অভ্যন্তরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তারপরই নবান্নের তরফে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়।
তবে গোটা ঘটনায় অনুব্রত সাংবাদিক বৈঠক ডেকে ক্ষমা চেয়ে নেওয়ায় এ যাত্রায় তাঁকে ওয়ার্নিং দেওয়া হতে পারে বলে জেলা পুলিশের একটি অংশের অভিমত।