বুধবার রাজ্য তথা দেশজুড়ে বনধ কর্মসূচি পালন করেছে বামেরা। সেখানেই পুলিশি বাধার সম্মুখীন হন ধর্মঘটকারীরা। বিক্ষিপ্ত অশান্তির ঘটনার মধ্যেই প্রকাশ্যে এসেছে পুলিশকে চড় মারার ছবি।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 10 July 2025 12:40
দ্য ওয়াল ব্যুরো: অন ডিউটি পুলিশ অফিসারকে (Police Officer) প্রকাশ্যে চড় মারার অভিযোগে এসএফআই (SFI) কলকাতা জেলা সভাপতি বর্ণনা মুখোপাধ্যায়কে তলব করল পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে জোড়াসাঁকো থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে বলে খবর।
বুধবার রাজ্য তথা দেশজুড়ে বনধ কর্মসূচি পালন করেছে বামেরা। সেখানেই পুলিশি বাধার সম্মুখীন হন ধর্মঘটকারীরা। বিক্ষিপ্ত অশান্তির ঘটনার মধ্যেই প্রকাশ্যে এসেছে পুলিশকে চড় মারার ছবি। জানা যায়, জোড়াসাঁকো থানার পুলিশ আধিকারিকের গায়ে হাত তোলেন বাম নেত্রী।
তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী (TMC Councilor Arup Chakraborty) এই চড় মারার ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার করেন। তাঁর বক্তব্য, 'রাজ্যে শূন্য বাম, তাতেই এই ঔদ্ধত্য। আশা করি কর্তব্যরত সরকারী কর্মচারীর উপরে হাত তোলার মতো ক্রিমিনাল অফেন্সে যে ধারায় মামলা করে এই ধরনের ক্রিমিনালদের জেলের ভেতর রাখা প্রয়োজন, সেই বিষয় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে পশ্চিমবঙ্গ পুলিশ।'
চড় মারার ঘটনা প্রসঙ্গে অতীতের কথাও মনে করিয়ে দেন তৃণমূল কাউন্সিলর। বলেন, 'যখন বামেরা ক্ষমতায় ছিল ওদের বড় নেতা তিলজলা থানার মধ্যে ঢুকে বিজন সেতুর আনন্দমার্গী গণহত্যার তদন্তকারী অফিসার ইনচার্জ গঙ্গাধর ভট্টাচার্যকে খুন করেছিল।' শাসকদলের অন্যান্যরাও এনিয়ে বিভিন্ন মন্তব্য করেন। কয়েকজনের দাবি, 'যে রাজ্যে বামফ্রন্টের অস্তিত্ব প্রায় নেই, সেখানেই এতটা ঔদ্ধত্য কী করে সম্ভব? এই ঘটনা প্রমাণ করে, অতীতেও কীভাবে প্রশাসনের ভিতরে ঢুকে তারা আইনের শাসনকে উপেক্ষা করত।'
এসবের পরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। ভিডিও খতিয়ে দেখে ডেকে পাঠানো হয় বাম নেত্রীকে। এনিয়ে বাম নেতা শতরূপ ঘোষ আবার অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে পাল্টা শাসক দলকেই খোঁচা দেন।