মঙ্গলবার দুপুরেই স্বাস্থ্যভবনে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলতে যান অনিকেতরা। কিন্তু স্বাস্থ্যসচিব তাঁদের সঙ্গে দেখা করেননি।

ফাইল ছবি
শেষ আপডেট: 27 May 2025 16:34
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর আন্দোলনের (RG Kar Incident) অন্যতম তিন মুখ জুনিয়র ডাক্তার (Junior Doctors) দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং আসফাকুল্লা নাইয়ার নতুন পোস্টিংকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ, স্বচ্ছভাবে মেধাতালিকা মেনে বদলি করা হয়নি তাঁদের। এই নিয়ে মঙ্গলবার দুপুরেই স্বাস্থ্যভবনে (Swastha Bhavan) রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলতে যান অনিকেতরা। কিন্তু স্বাস্থ্যসচিব তাঁদের সঙ্গে দেখা করেননি। এরপর থেকেই স্বাস্থ্যভবনে অবস্থান (Protest) শুরু করেছেন ওই জুনিয়র ডাক্তাররা।
জুনিয়র ডাক্তার দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতাল থেকে বদলি করা হয়েছে মালদহের গাজোলে। অন্যদিকে, অনিকেত মাহাতোকে রায়গঞ্জ এবং আসফাকুল্লাকে পুরুলিয়ায় বদলি করা হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, কাউন্সিলিং অনুযায়ী বদলি করা হয়নি তাঁদের। মেধাতালিকা বেরনোর পরই পোস্টিংয়ের জায়গা বদলে গেছে। এই বদলির ব্যাখ্যা চেয়েই মূলত স্বাস্থ্যভবনে রাজ্যের স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করতে গেছিলেন অনিকেত, দেবাশিস, আসফাকুল্লারা। কিন্তু তাঁদের সঙ্গে দেখা না করেই বেরিয়ে যান স্বাস্থ্যসচিব।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের স্পষ্ট অভিযোগ, এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা। ইচ্ছে করে এমন করা হয়েছে। স্বচ্ছতা বজায় রাখা হয়নি। একেবারে টার্গেট করে এই তিনজন চিকিৎসককে বদলি করা হয়েছে বলেই অভিযোগ। তাঁদের বক্তব্য, ফেব্রুয়ারি এবং মার্চ মিলিয়ে তিনদিনে ৭৭৮ জনের কাউন্সিলিং হয়েছিল। কারও সেভাবে বদলি হয়নি। তবে এই তিনজনের করা হয়েছে।
এই ইস্যুতে কার্যত তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। এদিন প্রথমে স্বাস্থ্যভবনে গিয়ে স্বাস্থ্যসচিবের ঘরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। পরে স্বাস্থ্যসচিবের সঙ্গে সাক্ষাতের দাবি করেন তাঁরা। কিন্তু দেখা যায়, তাঁদের সঙ্গে কথা না বলেই গাড়ি করে বেরিয়ে যান নারায়ণ স্বরূপ নিগম। তারপরই ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্যভবনের ভিতরেই মূল গেটের সামনে শুরু হয় তাঁদের অবস্থান।
স্বাস্থ্যসচিব জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা না করলেও এই ইস্যুতে স্বাস্থ্যভবনের বক্তব্য, প্রতিহিংসার কোনও জায়গা নেই। যে অভিযোগ আনা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। সরকারের তরফে সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। এই বিষয়ে কারও যদি কোনও আপত্তি থাকে তাহলে লিখিতভাবে জানাতে হবে।
স্বাস্থ্যসচিব জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা না করলেও এই ইস্যুতে স্বাস্থ্যভবনের বক্তব্য, প্রতিহিংসার কোনও জায়গা নেই। যে অভিযোগ আনা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। সরকারের তরফে সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। এই বিষয়ে কারও যদি কোনও আপত্তি থাকে তাহলে লিখিতভাবে জানাতে হবে।
কতক্ষণ চলবে এই অবস্থান? এই প্রশ্নের উত্তরে অনিকেত জানান, এই অবস্থান এখন অনির্দিষ্টকালের জন্য চলবে। তাঁর স্পষ্ট কথা, ''এটা কোনও রুটিন বদলি নয়। মেরিট লিস্ট কাউন্সিলিং শুরু হয়েছিল কিন্তু সেই স্বচ্ছতায় বাধা দেওয়া হয়েছে। স্বচ্ছভাবে বদলি করা হলে আমরা রাজ্যের যে কোনও জায়গায় কাজ করতে রাজি। কিন্তু এভাবে নয়।'' যারা ইতিমধ্যে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা ছাড়াও আরও অনেক জুনিয়র ডাক্তার অবস্থান-প্রতিবাদে যোগ দিতে আসছেন বলে জানিয়েছেন অনিকেত। কিন্তু স্বাস্থ্যভবনের বাইরে পুলিশ দেওয়ায় তাঁদের ঢুকতে দেওয়া হবে কিনা, সে নিয়ে সংশয় তাঁরা।