সংশ্লিষ্ট দুটি স্টেশনকে হকার মুক্ত করার পাশাপাশি যাত্রীদের জন্য দমদমে আরও একটি নতুন টিকিট কাউন্টারও তৈরি করবে রেল।

ফাইল ছবি।
শেষ আপডেট: 21 June 2025 12:24
দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস আগেই রেলের (Railway) তরফে জানানো হয়েছিল, দমদম ও বিধাননগর স্টেশনকে (Bidhannagar-Dumdum station) হকারমুক্ত করা হবে। রেল সূত্রের খবর, নথিভুক্ত নন, এমন হকারদের স্টেশন থেকে উচ্ছেদ করা হবে। সূত্রের খবর, শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ করতে চলেছে রেলের শিয়ালদহ ডিভিশন।
রেলের দাবি, মেট্রো সম্প্রসারণের জেরে দমদম ও বিধাননগর স্টেশনে যাত্রীদের ভিড় ক্রমশই বাড়ছে (Crowd Management)। রেলের পরিসংখ্যান অনুযায়ী, দমদম স্টেশনে প্রতিদিন ১.৫ লক্ষ এবং বিধাননগর স্টেশন দিয়ে প্রতিদিন ১.৭ লক্ষ যাত্রী চলাচল করে। মেট্রো সম্প্রসারণের জেরে যাত্রীদের ভিড় আরও বাড়বে। তাই দুর্ঘটনা ঠেকাতে এবং যাত্রী সাচ্ছন্দ্যের কথা ভেবেই এই পদক্ষেপ।
সংশ্লিষ্ট দুটি স্টেশনকে হকার মুক্ত করার পাশাপাশি যাত্রীদের জন্য দমদমে আরও একটি নতুন টিকিট কাউন্টারও তৈরি করবে রেল। এতে যাত্রীদের যেমন দীর্ঘ সময় টিকিটের লাইনে দাঁড়াতে হবে না তেমনই সময়ও বাঁচবে।
রেলের মতে, কলকাতা মেট্রোর অরেঞ্জ ও ইয়েলো লাইনের সম্প্রসারণের কারণে শিয়ালদহ ডিভিশনের স্টেশনগুলিতে ভিড় ক্রমাগত বাড়ছে। এই মুহূর্তে বিধাননগর স্টেশনে প্রতিদিন ২১৬টি এবং দমদম স্টেশনে ২২২টি লোকাল ট্রেন আসা-যাওয়া করে।
আগামীদিনে দমদম ক্যান্টনমেন্টেও তৈরি হতে চলেছে মেট্রো। সেক্ষেত্রে এই স্টেশনকে আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ হাব হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।
রেলের মতে, ইয়েলো লাইন (নোয়াপাড়া-বিমানবন্দর) ও অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া-বিমানবন্দর) সম্প্রসারণে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সল্টলেক, নিউ টাউন এবং বনগাঁ-হাসনাবাদ শাখার জন্য গুরুত্বপূর্ণ ‘হাব স্টেশন’ হয়ে উঠবে।