অনিমেষ, হাওড়ার একটি কেক প্রস্তুতকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষকের কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে ব্যাঙ্কে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন। কিন্তু সেদিন বিকেলের পর থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি।

অনিমেষ মিত্র।
শেষ আপডেট: 21 June 2025 10:41
দ্য ওয়াল ব্যুরো: নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্রের (৪৫) রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে বোলপুরের শিবতলায় মুখ বাঁধা অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাঁকে অপহরণ করে খুন করা হতে পারে এবং দেহটি বোলপুরে ফেলে দেওয়া হয়েছে।
অনিমেষ, হাওড়ার একটি কেক প্রস্তুতকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষকের কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে ব্যাঙ্কে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন। কিন্তু সেদিন বিকেলের পর থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
শেষ মুহূর্তের তথ্য
তদন্তে জানা গেছে, হাওড়ার কাজিপাড়া এলাকায় একটি বাইকে উঠতে দেখা গিয়েছিল অনিমেষকে। এই সূত্র ধরে পুলিশ সন্দেহভাজনদের খোঁজ শুরু করে। ইতিমধ্যে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে হাওড়া পুলিশ।
পরিবারের প্রতিক্রিয়া
অনিমেষের কাকতো ভাই তুষার মিত্র বলেন, “বিকেলের পর থেকে দাদার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুশ্চিন্তা বেড়ে গেলে বিধায়কের সাহায্য নিই। রাত আটটা নাগাদ কোম্পানির পক্ষ থেকে খবর পাই তিনি নিখোঁজ। আজ সকালে বোলপুর থেকে দেহ উদ্ধারের খবর পেয়ে আমরা শোকস্তব্ধ।”
বিধায়কের মন্তব্য
নৈহাটির বিধায়ক সনৎ দে বলেন, “অনিমেষ খুবই ভদ্র ছেলে। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। পুলিশকে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করার জন্য বলেছি।”
ঘটনার মূল সন্দেহ ঘোরাফেরা করছে টাকার লেনদেনের বিষয়টি ঘিরে। ধারণা করা হচ্ছে, অনিমেষ যে বড় অঙ্কের টাকা নিয়ে ব্যাঙ্কে যাচ্ছিলেন তা আগেই জানত দুষ্কৃতীরা। তাঁর পূর্ব পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে অনুমান।
বোলপুর এবং হাওড়া পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ দেহ শনাক্ত করার কাজ শুরু করেছে। তদন্তের অগ্রগতির জন্য এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।