শুধু অশোক দিন্দা নয়, আরও কয়েকজন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মামলা রুজু হবে বলে সূত্রের খবর। তার কারণ হিসেবে বলা হয়েছে, পুলিশকে উদ্দেশ্য করে প্ররোচনা, হুমকি দেওয়া হয়েছে।

অশোক দিন্দা
শেষ আপডেট: 9 August 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবার শনিবার হয়েছিল নবান্ন অভিযান (Nabanna Abhijan)। সেই ইস্যুতে পার্ক স্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের সঙ্গে বচসা চরম জায়গায় পৌঁছলে লাঠিচার্জ করে পুলিশ, অভিযোগ এমনই। পরে অবশ্য জানা গেছে, বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া এবং কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ না মানার অভিযোগ উঠেছে।
শুধু অশোক দিন্দা নয়, আরও কয়েকজন বিজেপি (BJP) নেতৃত্বের বিরুদ্ধে মামলা রুজু হবে বলে সূত্রের খবর। তার কারণ হিসেবে বলা হয়েছে, পুলিশকে উদ্দেশ্য করে প্ররোচনা, হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকে আঘাতও করা হয়েছে। প্রসঙ্গত, সকালেই এই ছবি ধরা পড়ে যেখানে দেখা গেছে - আহত অবস্থায় এক পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে বলা যায়, কড়া ব্যবস্থা নেওয়ার পথে লালবাজার।
সকাল থেকেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় শহরজুড়ে। পার্ক স্ট্রিট ছাড়াও, হাওড়া ময়দান, সাঁতরাগাছিতে বিক্ষোভ হয়। প্রতি জায়গাতেই পুলিশি ব্যারিকেড টপকে প্রতিবাদীরা নবান্ন পৌঁছনোর চেষ্টা করে, তবে সফল হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত নবান্ন অভিযান সংক্রান্ত ৬টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে নির্দিষ্টভাবে অশোক দিন্দার বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ।
কোনও রাজনৈতিক দল ডাক না দিলেও নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন বিজেপির নেতারা, নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। তাঁদের মিছিল পার্ক স্ট্রিটে পৌঁছতেই আটকে দেয় পুলিশ। প্রথমে মিছিল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। প্রতিবাদে পার্কস্ট্রিটেই রাস্তায় বসে পড়েন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা।